
ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়েও অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে। এই সুবিধা সম্প্রতি নীরবে চালু করেছে ইউটিউব, যা অনেক ব্যবহারকারী এখনও খেয়াল করেননি।
ডাউনলোড করতে চাইলে ভিডিও খোলার পর চ্যানেলের নামের নিচে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করতে হবে। তবে বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো ভিডিওর রেজল্যুশন।
প্রিমিয়াম গ্রাহকরা ৭২০পি বা ১০৮০পি ফুল এইচডিতে ভিডিও ডাউনলোড করতে পারতেন, কিন্তু বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য ডাউনলোড কোয়ালিটি সীমিত রাখা হয়েছে ৩৬০পি ও ১৪৪পি-তে।
ডাউনলোডের সংখ্যা নিয়েও রয়েছে সীমা। বিনামূল্যে ব্যবহারকারীরা নির্দিষ্ট সংখ্যক ভিডিওই ডাউনলোড করতে পারবেন, যা প্রিমিয়াম গ্রাহকদের ক্ষেত্রে নেই। এছাড়া, ইউটিউব মিউজিক বা মিউজিক ভিডিও ডাউনলোড করা যাবে না।
প্রিয় মিউজিক ভিডিও অফলাইনে দেখতে হলে এখনও প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়াই প্রয়োজন। এই নতুন ফিচার প্রথম সবার সামনে আনেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটের এক ব্যবহারকারী। পরে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকও এটি পরীক্ষা করে নিশ্চিত করেন যে ফিচারটি কার্যকর।
বর্তমানে ইউটিউব প্রিমিয়াম ব্যক্তিগত ব্যবহারের জন্য মাসে ২৩৯ টাকা, যা সীমাহীন ভিডিও ডাউনলোড, উচ্চমানের রেজল্যুশন, বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখার সুবিধাসহ আরও অনেক সুবিধা দেয়। তবে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন-এও এই ডাউনলোড সুবিধা নেই।
গুগলের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে উৎসাহিত করা। যদিও বিনামূল্যে ফিচারটি সীমিত, তবুও যারা অফলাইনে ভিডিও দেখতে চান তাদের জন্য এটি অনেকটাই সহায়ক।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

