বিজ্ঞান ও মনোবিজ্ঞান বলছে, কেবল ইতিবাচক চিন্তা নয়, বরং ‘সক্রিয় আশাবাদ’ একজন মানুষের ক্যারিয়ার ও আর্থিক জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনা করেন, তারা হতাশাবাদীদের তুলনায় পেশাগত জীবনে অনেক বেশি সফল হন। নিচে আশাবাদ এবং অধিক আয়ের মধ্যকার সেই যোগসূত্রগুলো তুলে ধরা হলো:
আত্মবিশ্বাস ও সুযোগ গ্রহণের সাহস
আশাবাদী ব্যক্তিরা নিজেদের দক্ষতার ওপর গভীর আস্থা রাখেন। তারা নতুন কোনো চ্যালেঞ্জ বা সুযোগ আসলে ‘পারব না’ ভেবে পিছিয়ে যান না। এই আত্মবিশ্বাসই তাদের কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে।

ঝুঁকি নেওয়ার মানসিকতা
উদ্যোক্তা হওয়া বা ক্যারিয়ারে বড় কোনো লাফ দেওয়ার জন্য প্রয়োজন সাহস। আশাবাদীরা যেহেতু মন্দের চেয়ে ভালোর আশা বেশি করেন, তাই তারা প্রয়োজনীয় ঝুঁকি নিতে ভয় পান না। এই সাহসী পদক্ষেপই অনেক সময় বড় অংকের আয়ের পথ খুলে দেয়।
সমস্যা সমাধানে সক্রিয়তা
হতাশাবাদীরা সমস্যার ভয়ে কাজ শুরু করতেই দ্বিধা করেন। অন্যদিকে, আশাবাদীরা কাজ শুরু করেন এবং পথে কোনো বাধা আসলে সেটি সমাধানের পথ খোঁজেন। এই ‘সলিউশন-ওরিয়েন্টেড’ মানসিকতা তাদের কর্মদক্ষতা বহুগুণ বাড়িয়ে দেয়।
সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মক্ষম জীবন
গবেষণার একটি চমকপ্রদ তথ্য হলো, আশাবাদীরা হতাশাবাদীদের তুলনায় দীর্ঘজীবী হন। দুশ্চিন্তা কম থাকায় তাদের হৃদরোগ বা ডিমেনশিয়ার ঝুঁকি কম থাকে। সুস্থ শরীর ও সতেজ মস্তিষ্ক নিয়ে তারা দীর্ঘ সময় ধরে আয় করতে সক্ষম হন, যা তাদের মোট সঞ্চয় ও আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
ইতিবাচক সামাজিক সম্পর্ক
কর্মক্ষেত্রে যারা হাসিখুশি ও ইতিবাচক থাকেন, সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে। এই নেটওয়ার্কিং ক্যারিয়ারে পদোন্নতি এবং নতুন সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।
উপসংহার : আশাবাদ সফল জীবনের একটি কৌশল
আশাবাদ কেবল একটি মানসিক অবস্থা নয়, এটি সফল জীবনের একটি কৌশল। ‘অ্যাকটিভ অপটিমিজম’ বা সক্রিয় আশাবাদ একজন মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় করে, যা প্রকারান্তরে উচ্চ আয় ও পেশাগত সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই হাতাশাকে ঝেড়ে ফেলে আগামীর স্বপ্নে বিভোর হওয়াই বুদ্ধিমানের কাজ।

