ইউরোপে এসে অনেকেই প্রথমে নিজের পছন্দের পেশায় কাজ পান না। ভাষার সীমাবদ্ধতা, স্থানীয় অভিজ্ঞতার অভাব, বিদেশি শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি এবং পরিচিত মানুষের সহায়তা না থাকায় শুরুতে অন্য ধরনের কাজ করতে হয়। তবে এমন কিছু খাত রয়েছে, যেখানে উচ্চতর ডিগ্রি বা বহু বছরের অভিজ্ঞতা ছাড়াও চাকরিতে প্রবেশের সুযোগ তুলনামূলক বেশি।
এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার : কাজগুলো পাওয়া তুলনামূলক সহজ হতে পারে, কিন্তু কাজ করা সব সময় সহজ নয়। কোনও কাজে শারীরিক পরিশ্রম বেশি, কোনও কাজে রাতের শিফ্ট থাকে, আবার কোনও কাজে গ্রাহক বা অসুস্থ মানুষের সঙ্গে ধৈর্য ধরে কাজ করতে হয়।

European Labour Authority-এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, ইউরোপের প্রায় সব দেশেই কোনও না কোনও পেশায় কর্মীসংকট রয়েছে। তবে একই পেশায় একটি দেশে কর্মীসংকট থাকলেও অন্য দেশে কর্মীর সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি হতে পারে। অর্থাৎ শুধু পেশা নয়, সঠিক দেশ, শহর ও সময় নির্বাচনও গুরুত্বপূর্ণ।
১. গুদাম ও পণ্য বাছাইয়ের কাজ
বড় বিপণিবিতান, অনলাইন ব্যবসা, পরিবহন প্রতিষ্ঠান এবং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদামে নিয়মিত কর্মীর প্রয়োজন হয়। কাজের মধ্যে পণ্য বাছাই, বাক্সে ভরা, বারকোড যাচাই, নির্দিষ্ট স্থানে পণ্য রাখা এবং পাঠানোর জন্য প্রস্তুত করা থাকতে পারে।
জার্মানিতে এসব কাজ খুঁজতে Lagerhelfer, Kommissionierer, Verpacker বা Versandmitarbeiter লিখে খোঁজা যায়। অনেক প্রতিষ্ঠানে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কাজ শেখানো হয়। জার্মান ভাষা খুব ভালো না হলেও সংখ্যা, নিরাপত্তাবিধি এবং সাধারণ নির্দেশনা বোঝার সামর্থ্য প্রয়োজন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ভারী পণ্য তোলা এবং সকাল, রাত কিংবা সপ্তাহান্তের পালায় কাজ করার প্রস্তুতি থাকতে হবে।
২. পরিচ্ছন্নতাকর্মীর কাজ
অফিস, বিদ্যালয়, হাসপাতাল, হোটেল, দোকান, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাড়িতে পরিচ্ছন্নতাকর্মীর প্রয়োজন হয়। এই কাজে সাধারণত ডিগ্রি লাগে না এবং স্বল্প অভিজ্ঞতায় শুরু করা যায়। জার্মানিতে Reinigungskraft, Gebäudereiniger Helfer বা Haushaltshilfe লিখে চাকরি খুঁজতে পারেন।
কাজটি পাওয়ার সুযোগ তুলনামূলক বেশি হলেও সময় সব সময় সুবিধাজনক নাও হতে পারে। অফিস খোলার আগে ভোরে অথবা বন্ধ হওয়ার পর সন্ধ্যায় কাজ করতে হতে পারে। অনেক চাকরি খণ্ডকালীন বা Minijob হিসেবেও দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের বিশ্লেষণে পরিচ্ছন্নতা ও আতিথেয়তা খাতে কর্মসংস্থানের সুযোগ থাকলেও এসব কাজে খণ্ডকালীন চুক্তির হার বেশি বলে উল্লেখ করা হয়েছে।
৩. রান্নাঘরের সহকারী ও থালাবাসন পরিষ্কারের কাজ
রেস্তোরাঁ, হোটেল, ক্যানটিন, হাসপাতাল এবং বৃদ্ধনিবাসে Küchenhilfe বা Spülkraft হিসেবে কাজ পাওয়া যায়। কাজের মধ্যে সবজি কাটা, খাবারের উপকরণ প্রস্তুত করা, রান্নাঘর পরিষ্কার রাখা, থালাবাসন ধোয়া এবং রান্নার কর্মীদের সহায়তা করা থাকে।
এখানে সাধারণত বড় ডিগ্রির প্রয়োজন হয় না। তবে দ্রুত কাজ করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্য নিরাপত্তার নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় সন্ধ্যা, ছুটির দিন এবং সপ্তাহান্তে কাজ করতে হয়। স্থানীয় ভাষায় সাধারণ নির্দেশনা বুঝতে পারলে সুযোগ বাড়ে। পর্যটননির্ভর দেশ ও শহরে গ্রীষ্মকালসহ ব্যস্ত মৌসুমে এ ধরনের কর্মীর চাহিদা বেড়ে যায়।
৪. হোটেলের কক্ষ পরিচর্যার কাজ
হোটেলে Zimmerreinigung, Housekeeping বা Room Attendant হিসেবে কাজের সুযোগ থাকে। প্রধান দায়িত্ব হচ্ছে অতিথিকক্ষ পরিষ্কার করা, বিছানার চাদর বদলানো, তোয়ালে ও প্রয়োজনীয় সামগ্রী রাখা এবং কক্ষটি পরবর্তী অতিথির জন্য প্রস্তুত করা।
এই কাজে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সাধারণত প্রয়োজন হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি কক্ষ প্রস্তুত করতে হয় বলে কাজের গতি ও মান দুটিই গুরুত্বপূর্ণ। পর্যটন এলাকা, বিমানবন্দরসংলগ্ন শহর এবং বড় শহরে সুযোগ তুলনামূলক বেশি। কিছু মৌসুমি হোটেল কর্মীদের থাকার জায়গাও দেয়, তবে বেতন থেকে তার খরচ কেটে নেওয়া হয় কি না, চুক্তি করার আগে জেনে নেবেন।
৫. কারখানায় উৎপাদন ও মোড়কজাত করার কাজ
খাদ্য, ওষুধ, গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য পণ্য উৎপাদনকারী কারখানায় Produktionshelfer, Produktionsmitarbeiter বা Verpackungsmitarbeiter প্রয়োজন হয়। কাজের মধ্যে যন্ত্রে উপকরণ দেওয়া, তৈরি পণ্য পরীক্ষা, মোড়কজাত করা এবং উৎপাদনের জায়গা পরিষ্কার রাখা থাকতে পারে।
অভিজ্ঞতা না থাকলেও অনেক প্রতিষ্ঠান কাজ শিখিয়ে দেয়। তবে একই কাজ বারবার করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং পালাভিত্তিক সময়সূচিতে কাজ করার মানসিকতা প্রয়োজন। রাতের পালা বা ছুটির দিনে কাজ করলে কিছু দেশে অতিরিক্ত ভাতা পাওয়া যায়। চুক্তিতে ঘণ্টাপ্রতি বেতন, পালার ভাতা, ছুটি এবং অতিরিক্ত কাজের হিসাব পরিষ্কারভাবে লেখা আছে কি না দেখে নেবেন।
৬. পণ্য সরবরাহ বা ক্যুরিয়ারের কাজ
অনলাইন কেনাকাটা বাড়ার কারণে Lieferfahrer, Paketzusteller এবং Kurierfahrer-এর কাজ ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায়। কাজের মধ্যে গুদাম থেকে পার্সেল নেওয়া, গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া এবং সরবরাহের তথ্য নথিভুক্ত করা থাকে।
সাধারণত বৈধ গাড়ি চালানোর অনুমতিপত্র প্রয়োজন হয়। কিছু প্রতিষ্ঠানে নিজস্ব গাড়ি লাগে, আবার কিছু প্রতিষ্ঠান গাড়ি দেয়। কাজটি স্বাধীন মনে হলেও প্রতিদিন অনেক ঠিকানায় যেতে হয় এবং সময়ের চাপ থাকে। খাবার সরবরাহের ক্ষেত্রে সাইকেল বা বৈদ্যুতিক সাইকেল দিয়েও কাজ করা যায়। চাকরির পরিবর্তে স্বনিযুক্ত কর্মী হিসেবে চুক্তি দেওয়া হলে কর, বিমা, দুর্ঘটনা এবং গাড়ির খরচ কে বহন করবে, তা ভালোভাবে বুঝে নেবেন।
৭. নির্মাণকাজের সহকারী
জার্মানিতে Bauhelfer, Baustellenhelfer বা Abbruchhelfer নামে এ ধরনের কাজ পাওয়া যায়। নির্মাণসামগ্রী বহন, কাজের জায়গা প্রস্তুত, পুরোনো অংশ ভাঙা, পরিষ্কার করা এবং দক্ষ কর্মীদের সহায়তা করা সাধারণ দায়িত্বের মধ্যে পড়ে।
ইউরোপের বহু দেশে নির্মাণ খাতে কর্মীসংকট রয়েছে, তবে দক্ষ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা কাঠমিস্ত্রির কাজ করতে আলাদা প্রশিক্ষণ ও যোগ্যতা প্রয়োজন হতে পারে। সহকারী হিসেবে শুরু করা তুলনামূলক সহজ হলেও কাজটি শারীরিকভাবে কঠিন এবং দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। নিরাপত্তার জুতা, হেলমেট ও সুরক্ষাসামগ্রী ব্যবহার বাধ্যতামূলক। কোনও অবস্থাতেই অনিবন্ধিত বা নগদে বেআইনি কাজ করবেন না।
৮. কৃষি ও মৌসুমি কাজ
ফল সংগ্রহ, সবজি বাছাই, গাছের পরিচর্যা, ফুলের খামার এবং কৃষিপণ্য মোড়কজাত করার জন্য Saisonarbeiter বা Erntehelfer নেওয়া হয়। স্পেন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং ইউরোপের আরও কয়েকটি দেশে মৌসুম অনুযায়ী এ ধরনের কাজ পাওয়া যায়।
ভাষা ও অভিজ্ঞতার প্রয়োজন তুলনামূলক কম হতে পারে। তবে কাজটি আবহাওয়ানির্ভর, শারীরিকভাবে কষ্টকর এবং অনেক সময় অস্থায়ী। নিয়োগদাতা আবাসনের ব্যবস্থা করলে তার ভাড়া, যাতায়াত, খাবার এবং বেতন থেকে কী পরিমাণ অর্থ কাটা হবে, লিখিতভাবে জেনে নিন। পাসপোর্ট জমা রাখা বা চুক্তি ছাড়া কাজ করানোর চেষ্টা হলে সেই নিয়োগদাতা এড়িয়ে চলুন।
৯. বয়স্ক ও অসুস্থ মানুষের সহায়তামূলক কাজ
ইউরোপে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে Pflegehilfskraft, Pflegeassistent বা Alltagsbegleiter-এর চাহিদা রয়েছে। কাজের মধ্যে দৈনন্দিন চলাফেরায় সহায়তা, খাবার পরিবেশন, সঙ্গ দেওয়া এবং সাধারণ পরিচর্যা থাকতে পারে।
তবে এটি নার্সের কাজের সমান নয়। নিবন্ধিত নার্সসহ অনেক স্বাস্থ্যপেশা নিয়ন্ত্রিত পেশা; বিদেশি যোগ্যতার স্বীকৃতি এবং নির্দিষ্ট ভাষাস্তর প্রয়োজন হতে পারে। দেশভেদে নিয়মও আলাদা। সহকারী পদের ক্ষেত্রেও স্থানীয় ভাষা, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ, পুলিশি চরিত্র সনদ বা স্বাস্থ্যপরীক্ষা চাওয়া হতে পারে। কাজ পাওয়ার সম্ভাবনা ভালো হলেও মানুষের প্রতি মমতা, ধৈর্য ও দায়িত্ববোধ ছাড়া এই পেশায় আসা উচিত নয়।
১০. দোকানে পণ্য সাজানো ও সাধারণ সহকারীর কাজ
সুপারমার্কেট, পোশাকের দোকান, পাইকারি বাজার এবং অন্যান্য খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে Warenverräumer, Aushilfe বা Verkaufshelfer প্রয়োজন হয়। পণ্য তাকের মধ্যে সাজানো, মূল্য যাচাই, গুদাম থেকে পণ্য আনা এবং দোকান পরিষ্কার রাখা এই কাজের অংশ।
ভোরে, সন্ধ্যায় কিংবা সপ্তাহান্তে কাজের সুযোগ বেশি থাকে। শুধু পণ্য সাজানোর কাজে ভাষার প্রয়োজন কম হতে পারে, কিন্তু গ্রাহকের সঙ্গে কথা বলা বা অর্থ গ্রহণের দায়িত্ব থাকলে ভালো ভাষাজ্ঞান প্রয়োজন। শিক্ষার্থী, নতুন অভিবাসী এবং খণ্ডকালীন চাকরি খুঁজছেন এমন মানুষের জন্য এটি বাস্তবসম্মত শুরুর কাজ হতে পারে।
কোথায় চাকরি খুঁজবেন?
ইউরোপের সরকারি EURES চাকরির ভান্ডারে দেশ, অঞ্চল, পেশা ও চুক্তির ধরন অনুযায়ী চাকরি খোঁজা যায়। সেখানে আবেদনপদ্ধতি ও যোগাযোগের তথ্যও থাকে এবং চাকরির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। জার্মানিতে Bundesagentur für Arbeit-এর Jobbörse, Indeed, StepStone এবং স্থানীয় Zeitarbeitsfirma-তেও এসব কাজ পাওয়া যায়। খোঁজার সময় নিজের এলাকার নামের সঙ্গে উপরের জার্মান পদের নাম লিখুন।
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা : ইউরোপে চাকরির বিজ্ঞাপন দেখলেই সেখানে কাজ করার অধিকার তৈরি হয় না। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা সাধারণত অন্য সদস্যদেশে আলাদা কাজের অনুমতি ছাড়াই কাজ করতে পারেন। কিন্তু বাংলাদেশের মতো ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের কাজের অধিকার তাঁদের ভিসা, Aufenthaltstitel এবং সংশ্লিষ্ট দেশের আইনের ওপর নির্ভর করে। একটি ইউরোপীয় দেশের বসবাসের অনুমতি থাকলেই অন্য দেশে গিয়ে সরাসরি কাজ করা যায় না। প্রতিটি দেশ নিজের কাজ ও বসবাসের অনুমতির সিদ্ধান্ত নেয়।

