বার্তাবাংলা রিপোর্ট :: কয়েক মাস ধরে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শেয়ারের দাম কমছে। কিন্তু প্রতিষ্ঠানটির তৈরি পুরনো কম্পিউটারগুলোর দাম বেড়েই চলেছে। শনিবার জার্মানির ইউই ব্রেকারে নিলামে তোলা একটি অ্যাপল১ বিক্রি হয়েছে রেকর্ড ৬ লাখ ৭১ হাজার ৪০০ ডলারে। খবর এনডিটিভির।
১৯৭৬ সালে স্টিভ জবসের গ্যারেজে তৈরি হওয়া কম্পিউটারগুলোর মধ্যে এটি অন্যতম। এর আগে কোলন শহরে ব্রেকারেরই আরেকটি শাখায় নিলামে তোলা অন্য অ্যাপল১ কম্পিউটার বিক্রি হয়েছিল ৬ লাখ ৪০ হাজার ডলারে। ২০১২ সালের জুনে নিউইয়র্কের সদবিসে তোলা আরেকটি অ্যাপল১ বিক্রি হয় ৩ লাখ ৭৪ হাজার ৫০০ ডলারে।
বিশেষজ্ঞরা বলেন, অ্যাপলের পুরনো কম্পিউটারগুলোর প্রতি ভোক্তাদের রয়েছে বিশেষ আকর্ষণ। সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিফেন ওজনিয়াকের হাতে তৈরি অ্যাপল১ কম্পিউটারগুলোর বিক্রি মূল্য ছিল ৬৬৬ ডলার (বর্তমান হিসাবে ২ হাজার ৭০০ ডলার)।
সর্বশেষ বিক্রি হওয়া অ্যাপল১-এর মালিক ছিলেন সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় ফ্রেট হ্যাটফিল্ড। জবসের কাছ থেকে সরাসরি কম্পিউটারটি কিনেছিলেন তিনি। তবে পরে টেক্সাসের এক ব্যক্তির কাছে ৪০ হাজার ডলারে যন্ত্রটি বিক্রি করা হয়েছিল।
মন্তব্য যুক্ত করুন
