এখনকার সময়টা যান্ত্রিক। শহরের দালানকোঠায় বেড়ে ওঠে আমাদের শিশুরা। ফ্ল্যাটবাড়ির যুগে পাশের ফ্ল্যাটের মানুষটির সাথেও দেখা হয় না আমাদের। শিশুরা বাইরে খেলাধূলা, শারীরিক কসরতের পরিবর্তে অভ্যস্ত হয়ে পড়ছে মোবাইল বা কম্পিউটারে বিবিধ রকমের খেলায়। বেশীরভাগ ক্ষেত্রেই এই খেলাগুলো তাদের সৃজণশীলতা তো বাড়ায়ই না, বরং বিকাশের পথ আগলে রাখে। শিশুকে নিয়ে বাইরে বেড়াতে যাওয়া বলতেও আমরা বুঝি ফ্যান্টাসি কিংডম বা ওয়াটার ওয়ার্ল্ডে দিনযাপনকে। যেখানেই সবকিছুই কৃত্রিম। সময় বয়ে যায় আর আমাদের শিশুরা নরম ঘাসের শিশিরে একবারও পা না ভিজিয়েই বেড়ে উঠতে থাকে। শিশুকে প্রকৃতির সংস্পর্শে নিয়ে যাওয়া খুবই জরুরি।
আসুন জেনে নিই কারণগুলো
শিশুকে প্রশান্ত করে
প্রকৃতির সৌন্দর্য্য শিশুর মনকে প্রশান্ত করে। প্রতিদিন সকালে শিশুকে সাথে নিয়েও হাঁটতে বেরিয়ে দেখুন। এক সপ্তাহের মাঝেই তার মনের পরিবর্তন লক্ষ্য করবেন আপনি। পরিচ্ছন্ন বাতাস, প্রকৃতির সবুজ শিশুকে যেন পবিত্র একটি আবহ দেয়। সেই আবহ তার দুরন্ত অস্থির মনকেও নিয়ে আসে বশে।
আনন্দিত করে
প্রকৃতির মাঝে আনন্দের অজস্র উপাদান ছড়িয়ে আছে। গাছগাছালি, সদ্য গজানো নতুন পাতা, উড়ে যাওয়া পাখি, ফুলে বসা মৌমাছি সবই শিশুর জন্য আনন্দের এক বিশাল উৎস। গ্রামের শিশুদের মাঝে শহুরে শিশুদের তুলনায় মানসিক অনেক সমস্যাই কম থাকে। কারণ প্রকৃতি তাদের ভুলিয়ে দেয় জীবনের গ্লানি, ক্লান্তি!
সুস্বাস্থ্য
যেসব শিশুরা পর্যাপ্ত সময় প্রকৃতির কাছে থাকে না তারা ভিটামিন ডি এর অভাবে ভোগে। প্রকৃতি শিশুর স্বাস্থ্য এবং মনের উপর গাঢ় প্রভাব ফেলে। বাইরে খেলাধুলা, দৌড়ঝাপ শিশুকে প্রাণবন্ত করে। স্থূলতাজনিত সমস্যা থেকে মুক্ত রাখে। শিশু শারিরিকভাবে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে।
দৃষ্টিশক্তি
গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা বাইরে খেলাধূলা করে তারা তুলনামূলকভাবে ভাল দৃষ্টিশক্তির অধিকারী হয়ে থাকে। চোখে চশমাও পড়তে হয় না বেশীরভাগ শিশুর। কারণ তারা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে কম সময় তাকিয়ে থাকে। একইসাথে তারা ভিটামিন ডি বেশী পায়। ফলে তাদের চোখের কার্ক্ষমতা অনেক ভাল থাকে।
সৃজনশীলতা
প্রকৃতি শিশুর সৃজনশীলতা বাড়ায়। বাইরে খেলাধুলা করার কারণে শিশুরা প্রকৃতির বিচিত্র জিনিসের সংস্পর্শে আসে। তাদের মাথায় খেলা করে নতুন নতুন বুদ্ধি। নানান উপকরণ মিলিয়ে সেগুলো তৈরিও করে ফেলতে পারে তারা। বন্ধুরা একসাথে মিলে খেলে করে। তাই সঙ্গীসাথিরও অভাব হয় না। সবাই মিলে তৈরি করে মজার অনেক কিছু। এভাবে তাদের সৃজনশীলতা বাড়ে একইসাথে বাড়ে দলবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা।
