সবুজ মানেই শৌখিনতা ও শান্তি। সবুজ রং ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। কারণ সবুজ মানেই বৃক্ষ আর বৃক্ষ মানেই জীবন। যার জন্য আমরা প্রান ভরে শ্বাস নিতে পারি, যার ছায়ায় গিয়ে একবার দাঁড়ালে মনে হয় এমন শান্তি আর কোথাও নেই। কিন্তু দিন যতই যাচ্ছে, গ্লোবাল ওয়ারমিং বেড়ে চলেছে পৃথিবীতে এবং এর কারণ একটাই। আমাদের রক্ষা করার প্রিয় বন্ধু বৃক্ষকেই আমরা কেটে শেষ করে দিচ্ছি। তাই এখন আর বাইরে বের হলে মন ভরে শ্বাস নেয়া যায়না। অবশ্য আপনি চাইলে নিজের বাড়িতেই ছোট ছোট গাছ বা ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন এবং ছোট করে একটি সবুজের সমারোহ গড়ে তুলতে পারেন নিজের ঘরেই। যা আপনাকে যোগাবে প্রশান্তি ও বিশুদ্ধ অক্সিজেন। চলুন তবে জেনে নিই কিছু বিষয় যেভাবে বাসাকে সবুজ দিয়ে রাঙাতে পারবেন। আপনি যদি গাছ ভালবাসেন, তাহলে চাইলেই খুব সহজে আপনার বাড়ির বারান্দায় বা ছাদে ছোট্ট একটি বাগান করে ফেলতে পারেন বিভিন্ন ধরণের গাছ দিয়ে। এক্ষেত্রে ফুলের গাছ সবচাইতে সহজ সমাধান। চাইলে লাগাতে পারেন ফল বা পাতাবাহারও।
গাছ হতে পারে এমন যেগুলোর সহজেই যত্ন নেয়া যায়। যেমন- গোলাপ, বেলি, গাঁদা, রজনীগন্ধা ফুল। এগুলোর যত্ন আপনি খুব সহজেই নিতে পারবেন এবং এই ফুল গাছ গুলো আপনার বাসার সৌন্দর্য বাড়িয়ে তুলবে। পাতাবাহারের যত্ন নেয়াও সোজা।
প্রতিটি রুমে ব্যবহার করতে পারেন যে কোন ধরনের পাতাবাহার গাছ। পাতাবাহার গাছ যেমনই হোক তা একটি বাসার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তোলে, গাছগুলো যখন তখন পরিষ্কার করা যায় এবং মাঝে মাঝে পাল্টে অন্য রুমে ব্যবহার করা যায়।
অনেকেই ভেবে থাকেন গাছ ঠিক ভাবে পরিচর্যা করা খুবই ঝামেলা, কিন্তু তা আসলে ভুল ধারণা। আপনি অনেক গাছ কিনতে না চাইলে প্রতি রুমে একটি করে পছন্দের গাছ রাখতে পারেন আর যত্ন নেয়া তো খুবই সহজ। যেহেতু আপনি গাছগুলো ঘরে রাখবেন তাই ২-৩ দিন পর পর রোদে দিন, প্রতিদিন পানি না দিয়ে এক দিন পর পর পানি দিন ও মাসে একবার সার দিন।
আজকাল মানুষ বাসায় একটু শৌখিনতা আনতে ব্যবহার করে বনসাই ও ক্যাকটাস গাছ। গাছ গুলো অন্যান্য গাছের তুলনায় একটু দাম বেশি তবে আপনি যদি একটু টাকা খরচ করে বনসাই, ক্যাকটাস কিনে ফেলুন। দেখবেন আপনার বাসার সৌন্দর্য কতটা বেড়ে যায়। আমাদের সবারই বাসার আশে পাশে এখন অনেক নার্সারি আছে যেখান থেকে খুব সহজেই আমরা কম দামে আমাদের পছন্দের গাছটি কিনতে পারবো। তাই দেরি না করে আজই আপনার সুন্দর বাসাটিকে আরও সুন্দর করে তুলতে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ তৈরি করুন।
