বিরিয়ানি খেতে সবাই খুব পছন্দ করে আর এই কারণে ছুটে যায় বিভিন্ন রেস্টুরেন্টে। বাহিরের খাবার স্বাস্থ্য সম্মত নয় এটা সবাই জানে। তবু খেতে টেস্টি বলে লোভ সামলানো কষ্ট। কিন্তু এই পছন্দের খাবারটি যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেমন হয়? তাই আজ জেনে নিন পারফেক্ট হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। এখন রেসিপি জেনে ঘরেই তৈরি করুন খুব সহজে।
উপকরণ
১. ময়দা ১ কাপ,
২. গরম পানি প্রয়োজন মত,
৩. জাফরান সামান্য,
৪. দুধ আধা কাপ,
৫. ঘি ২ টেবিল চামচ,
৬. পুদিনা পাতা,
৭. ধনে পাতা কুচি ১ কাপ,
৮. কাচা মরিচ কুচি ইচ্ছে মত,
৯. পেঁয়াজ কুচি ৩ টি বড়,
১০. কাজুবাদাম ৮-১০ টি,
১১. পেস্তাবাদাম ৮-১০ টি,
১২. কিসমিস আধা কাপ।
মাংসের উপকরণ
১. মুরগি ১ কেজি (একটু বড় করে টুকরা করা),
২. তেল ৩/৪ কাপ,
৩. আদা বাটা ১ চা চামচ,
৪. রসুন বাটা ১ চা চামচ,
৫. গরম মসলা গুড়া(এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোল মরিচ) অথবা বিরিয়ানি মসলা 8 টেবিল চামচ,
৬. লবন প্রয়োজন মত(বিরিয়ানির মসলা ব্যবহার করলে লবন বুঝে দিতে হবে. কারণ প্যাকেট এর মসলায় লবন থাকে),
৭. লেবুর রস ২ টেবিল চামচ,
৮. টক দই ৩ কাপ।
বিরিয়ানির ভাত রান্না
১. বাসমতি চাল আধা কেজি,
২. তেজপাতা ২ টি,
৩. এলাচ ৫ টি,
৪. দারুচিনি ২ টুকরা,
৫. লবন ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন ও মাংসের সব উপকরণ বিরিয়ানি রান্নার হাড়িতে মিশিয়ে ২-৩ ঘন্টা একটু ঠান্ডা জায়গায় রেখে দিন। সারা রাত মেরিনেট করে রাখলে আরো ভালো, এবার ময়দায় গরম পানি দিয়ে রুটির কাই তৈরী করে রাখুন। এখন জাফরান দুধে ভিজিয়ে রাখতে হবে। পেয়াজ বেরেস্তা করে এক পাশে রেখে দিন ও ২ রকমের বাদাম তেল এর মধ্যে হালকা ভেজে নিন।
এবার একটি বড় হাড়িতে পানি গরম দিন,পানি গরম হলে তাতে ভাত রান্নার উপকরণ(চাল বাদে) দিয়ে দিন। পানি ভালো মত ফুটে চাল ঢেলে দিন। চাল আধা ফুটে গেলে চালনির নিচে কোনো বড় পাত্র দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে কিছু মাড় অবশিষ্ট থাকে। এবার আরেক পাশে মাংসের হাড়ি টি চুলার উপর অল্প আচে বসিয়ে মাংসের উপর পেয়াজ বেরেস্তা, পুদিনা, ধনেপাতা, কাচা মরিচ, বাদাম, কিসমিস সুন্দর করে ছড়িয়ে দিন ও আধা ফোটা চাল মাংসের উপর বিছিয়ে দিন।
এবার চালের উপর ঘি, জাফরান ভিজানো দুধ ১ কাপ ভাতের মার ছড়িয়ে দিন। এবার কাই করা ময়দা দিয়ে পাত্রের চারপাশে ছড়িয়ে ভালো করে ঢেকে দিতে হবে। ফয়েল পেপার থাকলে ময়দার বদলে সেটা ব্যবহার করতে পারেন। এখন অল্প আঁচে এভাবে ২৫-৩০ মিনিট রান্না করুন। বিরিয়ানির সুগন্ধ বের হলে বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। তোলার সময় পাত্রের সাইড থেকে চাল ও মাংস একসাথে তুলে সালাদ দিয়ে পরিবেশন করুন।
