মরিচের পাকোড়া! কি অবাক হচ্ছেন? ভাবছেন কীভাবে খাবেন? ভয় পাওয়ার কিছু নেই। একবার খেলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। খুব সহজে আর কম সময়েই তৈরি করা যায় এই পাকড়া। আজ আপনাদের জন্য আছে খুবই টেস্টি স্পাইসি মরিচের পাকোড়া রেসিপি। তৈরি করে নিজে খান আর তাক লাগিয়ে দিন সবাইকে। যেকোনো নাস্তায় খেতে পারেন এই পাকোড়া।
উপকরণ
১. বেসন এক কাপ
২. মরিচের গুঁড়ো এক চা চামচ
৩. চাট মসলা তিন চা চামচ
৪. বড় আকারের কাঁচামরিচ ১০টি
৫. হলুদের গুঁড়ো আধা চা চামচ
৬. তেল ভাজার জন্য
৭. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে বেসন, হলুদগুঁড়ো, মরিচেরগুঁড়ো, লবণ ও চাট মসলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে এক কাপ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। বড় মরিচগুলো ভালো করে ধুয়ে একপাশে কেটে এর বিচিগুলো বের করে নিন। কাঁটা চামচের সাহায্যে এই বিচি সহজেই বের করতে পারবেন। এরপর কাঁচামরিচটি বেসনের মিশ্রণে
ভিজিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। চার-পাঁচ মিনিট ভাজুন। বাদামি রঙের হয়ে গেলে প্লেটে তুলে নিন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন স্পাইসি মরিচের পাকোড়া।
