ঝটপট তৈরি করুন মজাদার মাছের কাটলেট (ফিস কাটলেট)। মাছ পুষ্টির এক অনন্য উৎস। খাদ্য বিজ্ঞানীদের মতে আমাদের দেহের জন্য মাছের প্রয়োজনীয়তা প্রচুর। কিন্তু বর্তমানে অনেকেই মাছ খেতে চায় না। তবে মাছ যদি সুস্বাদু করে উপস্থাপন করা যায়, তাহলে কে না খায়? আবার আজকাল সবার ভাজা-পোড়ার দিকেই আগ্রহ বেশি, বিশেষ করে বাচ্চাদের। তাই জেনে নিন মাছ দিয়ে সুস্বাদু মাছের কাটলেট তৈরি করবেন কিভাবে।
উপকরণ :
১. যে কোন বড় বা মাঝারি সাইজের মাছ আধা কেজি পরিমান
২. আদা বাটা এক চা চামচ
৩. লবণ পরিমান মত
৪. রসুন বাটা আধা চা চামচ
৫. পেয়াজ কুচি দেড় কাপ
৬. ধনে পাতা কুচি আধাকাপ
৭. পাউরুটি ২-৩ পিস
৮. কাঁচা মরিচের কুচি ২-৩ টেবিল চামচ
৯. বিস্কুট/টোস্টেরগুঁড়া ১-১.৫ কাপ
১০. কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
১১. ডিম ৩-৪টি
১২. তেল পরিমান মত
১৩. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
১৪. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
প্রস্তুত প্রনালি:
১. প্রথমে মাছ, পরিমান মত লবণ, আদা বাটা, রসুন বাটা, অল্প কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে মাছ ভালো ভাবে সেদ্ধ করে নিতে হবে।
২. এর পর ভালো করে বেছে কাঁটা ছাড়িয়ে নিতে হবে।
৩. এবার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কুচি করা কাঁচা মরিচ, কর্ণফ্লাওয়ার, পাউরুটি, গরম মসলা, জিরা গুঁড়ো এবং বিস্কুট/টোষ্টের গুঁড়ো এক সাথে ভালো ভাবে মেখে কিছু সময় রেখে দিতে হবে।
৪. এবার মাখানো অংশ আপনার পছন্দ মত আকার তৈরি করে প্রথমে বাড়তি বিস্কুট/টোস্টের গুঁড়ো মাখিয়ে নিন এবং ডিম ফেটে তার মধ্যে ভালো ভাবে চুবিয়ে নিন।
৫. এবার প্যানে/কড়াইতে তেল গরম করে তেলে দিয়ে ভালো ভাবে ভেজে তুলে ফেলুন।
এরপর পছন্দ মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আপনার তৈরি মাছের কাটলেট। এটি চাইলে সস দিয়ে এমনি এমনি বা ভাত বা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে পারেন।
