স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর পাশাপাশি আইফোন ৭-এও আগুন লাগার অভিযোগ উঠেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সার্ফার অভিযোগ করেছেন, তাঁর নতুন আইফোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তাঁর গাড়ি পুড়ে গেছে।
ম্যাট জোন্স নামের ওই সার্ফারের দাবি, গাড়িতে কাপড়ের স্তুপের মধ্যে ফোনটি রাখা ছিল। সেটি বিস্ফোরিত হয়ে কাপড়ে আগুন লাগে এবং পুরো গাড়িতে আগুন লেগে যায়। জোন্স দাবি করেছেন, তিনি কখনও আইফোনের চার্জার বাদে অন্য চার্জার ব্যবহার করেননি কিংবা ফোনটি কখনও পড়ে যায়নি। সিগারেট বা অন্য কোনোভাবে আগুন লাগার ঘটনাও অস্বীকার করেছেন তিনি। ফোনের ভেতরেই কিছু গড়বড় ছিল বলে মনে করেন তিনি।
আইফোনে আগুন লাগার ঘটনা এর আগেও ঘটেছে। অক্টোবর মাসের শুরুতেই এক রেডিট ব্যবহারকারী তাঁর সহকর্মীর নতুন আইফোন ৭ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানান।
স্মার্টফোন বিস্ফোরণের খবর এখন এত বেশি হয়ে দাঁড়িয়েছে যে নোট ৭ স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিয়েছে স্যামসাং। ৭০ টিরও বেশি নোট ৭ বিস্ফোরণের অভিযোগ ওঠে। বিভিন্ন দেশের বিমানবন্দরে নোট ৭ বহন নিষিদ্ধ করা হয়েছে।
তথ্যসূত্র: ইয়াহু নিউজ
বার্তাবাংলা ডেস্ক »
