ঘাম ঝরানো গরম আর হুটহাট বৃষ্টি। রাস্তায় বের হলে ধুলার উপদ্রব তো আছেই। এমন দিনে বৃষ্টির পানি, ধুলাবালি আর ঘামে ভিজে আপনার চুলের অবস্থা সহজেই নাজেহাল হয়ে পড়ে। উসকো-খুসকো আর নিষ্প্রাণ চুল উজ্জ্বলতা হারাতে বসে। তাইতো এসময় একটু বাড়তি পরিচর্যা চাই-ই। সাময়িক পরিচর্যা হিসেবে বৃষ্টিভেজা চুল প্রথমেই শুকনো তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিতে হবে। বাইরে বের হলে অবশ্যই মনে করে ব্যাগে একটি ছোট তোয়ালে রেখে দিন। যাতে চুল ভিজলেও মুছে শুকিয়েও নিতে পারেন। কিন্তু বাসায় পৌঁছে করতে হবে আসল যত্ন। সেজন্য-
– রিঠা গুঁড়া করে ভিজিয়ে রেখে ছেঁকে রসটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই দিন চুলে এই প্যাক লাগালে চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
– এক চামচ ভিনেগার ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল প্রয়োজনীয় পুষ্টি পাবে।
– টক দই ও ডিম একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন। হেনা গুঁড়া অথবা প্রাকৃতিক মেহেদি লাগালেও উপকার পাওয়া যাবে।
– বৃষ্টিভেজা চুলের জন্য গরম তেল মালিশ খুবই ভালো। এক্ষেত্রে মাথার তালুতে আঙুলের মাথা দিয়ে ঘষে ম্যাসেজ করুন। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় ভাপ নিতে পারেন।
– কলা ভালোভাবে চটকে নিন। তারপর চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
– তৈলাক্ত চুলের জন্য মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
সামান্য পরিচর্যায় ফিরে পান মনের মতো সুন্দর চুল।
