বার্তাবাংলা রিপোর্ট :: বিশ্বাস করা হয় যে, এই হিরক খণ্ডটি ১১০ কোটি বছর আগে সৃষ্ট। আর এটির বর্তমান মূল্য ২০ থেকে ২৫ কোটি ডলার। সারা বিশ্বে নানা হাত ঘোরার পর এটি এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে স্থান পেয়েছে।
অনেকের বিশ্বাস, এই মহামূল্যবান পাথরটি অভিশপ্ত। এর মালিকের নানা অমঙ্গলের কাহিনী লোকমুখে প্রচলিত। বলা হয়, ৪৫.৫২ ক্যারেটের এই হিরকটি যখনই যার অধিকারে থেকেছে তাকেই একেরপর এক দুর্ঘটনা, দুর্বিপাকে পড়তে হয়েছে।
জনশ্রুতি আছে, এই হিরকের মালিকরা অশান্তি, বিয়ে বিচ্ছেদ, আত্মহত্যা, কারাবরণ, নির্যাতন, আর্থিক ক্ষতি, বিনাবিচারে মৃত্যুদণ্ড অথবা শিরশ্চেদের শিকার হয়েছেন।
এমন ঘটনাও জানা যায়, এর এক মালিককে কুকুর কামড়ে খামছে ছিন্নভিন্ন করে দিয়েছিল। আরেক জন ফ্রান্সে বিক্ষুব্ধ জনতার হাতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন।
একে বলে দুর্বাশার হীরা। অবশ্য সন্দেহবাদীরা বলেন, খামাখাই এই হীরার অলৌকিত্ব ও রহস্য বাড়ানোর জন্য এসব কাহিনী ফাঁদা হয়েছে।
