বার্তাবাংলা রিপোর্ট :: বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশারদের জন্য সুখবর নিয়ে এসেছে গুগল। এখন থেকে ব্যাংকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আনা যাবে গুগল অ্যাডসেন্সের আয়। মঙ্গলবার রাতে ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবীর।
বাংলাদেশের অ্যাডসেন্স পাবলিশারদের এত দিন চেকের মাধ্যমে তাদের পাওনা পরিশোধ করা হতো। তবে এসব চেক নির্দিষ্ট ব্যাংক ছাড়া ভাঙানো যেত না। এ সমস্যার সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠান গুগল প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে গুগল ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অ্যাডসেন্সের আয় তোলার নতুন পদ্ধতি চালু করল।
কাজী মনিরুল কবীর জানান, ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার চেকের পরিবর্তে দ্রুত, সহজ ও নিরাপদ একটি মাধ্যম। আগের পেমেন্ট সিস্টেম ব্যবহারকারীরা নতুন পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট আপগ্রেড করার মাধ্যমে এ সুবিধা পাবেন। যাঁরা এখনো নতুন পেমেন্ট সিস্টেমে আপগ্রেড করেননি অথচ অ্যাকাউন্টে ১০০ ডলারের বেশি জমা হয়েছে, তাঁরা অ্যাকাউন্ট আপগ্রেড করে নভেম্বর মাসেই এ সুবিধা পাবেন। এতে কোনো চার্জ লাগবে না। তবে ব্যবহারকারীকে অবশ্যই ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের চার্জের হার জেনে নেওয়া ভালো।
অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ-ইন করে ব্যাংকের দেওয়া তথ্য সংযুক্ত করতে হবে। গুগল হেল্প সেন্টারে ওয়্যার ট্রান্সফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। আরো অনেক দেশের জন্য গুগল এই সুবিধা চালু করবে বলে জানান তিনি।
মন্তব্য যুক্ত করুন
