বার্তাবাংলা ডেস্ক :: বাংলাদেশি প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা “কোড টু উইন” ৩১ আগস্ট ঢাকাস্থ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়। সেতু’র আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম ‘ইনফিনিটি’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী টিমকে সেতু’র পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরষ্কার দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাইকেল হার্কার ।
দেশি প্রোগ্রামারদের আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের উৎসাহ প্রদান, তাদের দক্ষতা এবং সৃজনশীলতা উন্নয়নের জন্য সেতু’র পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে সেতু’র সিই্ও সাজিদ ইসলাম বলেন,“বাংলাদেশের প্রোগ্রামাররা অনেক বেশি মেধাবী। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে শক্ত অবস্থান তৈরি করে তারা যেমন দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন তেমনি দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনছেন। আমাদের আয়োজিত এ প্রোগ্রামিং প্রতিযোগিতা তাদের উন্নতির স্বার্থে একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র। এত যদি তারা বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।”
বাংলাদেশের মেধাবী উদ্যোক্তা এবং তাদের সম্ভাব্নার মধ্যে সমন্নয়কারী হিসেবে সেতু একটি নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠান। দেশের মেধাবী প্রজন্মকে তাদের সম্ভাবনার দারপ্রান্তে পৌছে দিতে প্রয়োজনীয় সকল সহযোগিতা যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।
