বার্তাবাংলা ডেস্ক ::ফিনল্যান্ডের মোবাইল ফোন কোম্পানি নকিয়াকে কিনতে যাচ্ছে মাইক্রোসফট কোম্পানি। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের একটি চুক্তি হয়েছে বলে মঙ্গলবার নকিয়া কর্তৃপক্ষ ঘোষণা দেয়।
চুক্তি অনুযায়ী, নকিয়ার ফোন বিভাগের ডিভাইস ও সার্ভিস ইউনিটের জন্য ৫শ কোটি এবং পেটেন্ট লাইসেন্স ফি বাবদ ২২০ কোটিসহ মোট ৭২০ কোটি মার্কিন ডলার নকিয়াকে পরিশোধ করবে মাইক্রোসফট।
নকিয়ার সঙ্গে মাইক্রোসফটের চুক্তির ফলে এ ফোন কোম্পানিটির পেটেন্ট এবং ম্যাপ সার্ভিস লাইসেন্সও পাবে মাইক্রোসফট। ২০১৪ সালের প্রথম দিকেই চুক্তি কার্যকর হবে। এরপর নকিয়ার ৩২ হাজার জনবল মাইক্রোসফটের অধীনে চলে যাবে।
এছাড়া মাইক্রোসফট আগামী ১০ বছর পর্যন্ত নকিয়া ব্র্যান্ড ও বর্তমান মোবাইল ফোন পণ্য ব্যবহারের সুযোগ পাবে। ১০ বছর ধরে মোবাইল ফোন বাজারে প্রাধান্য বিস্তার করছিল নকিয়া। চুক্তির পর এখন থেকে প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের বাজারকে ধরতে উইন্ডোজ নির্ভর স্মার্টফোন তৈরি করবে নকিয়া।সূত্র : এএফপি
