বার্তাবাংলা অনলাইন ডেস্ক:ব্রিটেনে আগামী তিন বছরে জন্ম নেওয়া শিশুদের একটি বড় অংশেরই মা-বাবা হবে অবিবাহিত। ২০১২ সালে দেশটিতে এ ধরনের শিশুর জন্মের হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে তা ৫০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স এ তথ্য জানায়। ২০১২ সালে অবিবাহিত মা-বাবার সন্তানের সংখ্যা ছিল সাত লাখ ২৯ হাজার ৬৭৪টি। তার আগের বছর এ সংখ্যা ছিল সাত লাখ ২৩ হাজার ৯১৩টি। স্ট্যাটিসটিক্স অফিস জানায়, ১৯৩৮ সালে এমন শিশুর জন্মের হার ছিল মাত্র ৪ শতাংশ। ব্রিটেনের ২০১১ সালের জরিপ অনুযায়ী দেশটিতে বিবাহিত দম্পতির অনুপাত ৫০ শতাংশেরও কম। এ প্রতিবেদনের পর শিশুবিষয়ক সাবেক এক ব্রিটিশ মন্ত্রী বিয়েতে উৎসাহ দেওয়ার মাধ্যমে পরিবার ভেঙে যাওয়া রুখতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপরও তার কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে এ নিয়ে চাপ রয়েছে। কেউ কেউ চাচ্ছেন বিবাহবন্ধনে আবদ্ধ হলে কর ব্যবস্থায় দম্পতিকে পুরস্কৃত করার পন্থা চালু করতে। এ রকম একটি পরিকল্পনা আগামী সেপ্টেম্বরের দিকে বাস্তবায়নের কথাও রয়েছে। যার আওতায় চল্লিশ লাখ বিবাহিত দম্পতি বছরে দেড়’শ পাউন্ড কর রেয়াত পাবেন।
বার্তাবাংলা ডেস্ক »
