বার্তাবাংলা ডেস্ক :: দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা চালু করেছে শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ সাইট টুইটার। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ফিন্যান্সিয়াল টাইমস ও ওনিয়নের মতো স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে হামলা হওয়ার পর টুইটার কর্তৃপক্ষ তাদের সাইটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জানান প্রযুক্তি বিশ্লেষকরা। খবর রয়টার্সের।
গত কয়েক দিনে বেশ কয়েকবার স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানায় টুইটার। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগ সাইটটি দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করে। পূর্বে সাইটটিতে প্রবেশের জন্য শুধু একবার পাসওয়ার্ড দিলেই হতো। কিন্তু বর্তমানে এতে প্রবেশের জন্য দুবার পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হয়। এতে যেকোনো হ্যাকার আগের মতো এত সহজে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না বলে জানায় টুইটার কর্তৃপক্ষ। নিরাপত্তা গবেষকরা টুইটারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সাইটটিতে রাজনৈতিক ও বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে। এসব ব্যবহারকারীর প্রতিদিন মোট ৪০ কোটির বেশি বার্তা আদান-প্রদান হয় টুইটারে। তাই নিরাপত্তাজনিত ব্যাপারে সাইটটির কোনো ধরনের অবহেলা করার অবকাশ নেই বলে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরেই সাইটটি দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা তৈরির পরিকল্পনা করে আসছে। বিভিন্ন কারণে এর বাস্তবায়ন সম্ভব না হওয়ায় পরবর্তীতে সাইটটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়। এমনকি হ্যাক হওয়া এক অ্যাকাউন্টে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বোমা হামলা হয়েছে বলেও খবর রটায় হ্যাকাররা। ফলে সামাজিক যোগাযোগ সাইটটি দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য সমালোচকদের তোপের মুখে পড়ে বলে জানান প্রযুক্তি বিশ্লেষকরা। তবে দুই স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে নিরাপদ হলেও হ্যাকারদের পক্ষে এ ব্যবস্থা ভাঙা অসম্ভব হবে না বলে জানান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান তাইয়া গ্লোবাল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী জেফরি কার। নিরাপত্তাব্যবস্থা মজবুত করতে হ্যাকারদের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
