মাংসের বাহারি পদ সবারই পছন্দ। একই রকম রান্না অনেক সময় খেতে ভালোও লাগেনা। তাই মাংসের ভিন্নধর্মী পদের স্বাদ নিতে চাইলে বানাতে পারেন গরুর মাংসের ভর্তা। সরিষার তেলে তৈরি এই ভর্তা গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ে সঙ্গে খেতে বেশ সুস্বাদু। অল্প কিছু উপকরণে খুব সহজেই ঘরে বানাতে পারেন এই ভর্তা।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন জিভে জল আনা গরুর মাংসের ভর্তা।
গরুর মাংসের ভর্তা তৈরি করতে যা যা লাগবে
- রান্না করা গরুর মাংস আধা কাপ
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা কুচি ১ টেবিল চামচ
- শুকনা মরিচ পরিমাণমতো
- ধনেপাতা কুচি দেড় টেবিল চামচ
- টালা জিরার গুঁড়া আধা চা চামচ
- সরিষার তেল ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
কিভাবে ভার্তা তৈরি করবেন
প্রথমে রান্না করা মাংস হাত দিয়ে ছাড়িয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনা মরিচ মচমচে করে ভেজে তুলুন। এবার ঐ তেলে পেঁয়াজ কুচি ও আদা কুচি বাদামি রং করে ভেজে তুলুন। একটি প্লেটে লবণ ও সরিষার তেল দিয়ে ভাজা মরিচ ভেঙে নিন। তাতে ভেজে রাখা পেঁয়াজ ও আদা কুচি ভাজা, ধনেপাতা, টালা জিরার গুঁড়া দিন। এর সাথে ঝুড়া মাংস ভালো মত মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু গরুর মাংসের ভর্তা। এবার ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের ভর্তা।

