ফেসবুকের মালিকানায় থাকা ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৬০ কোটি ছাড়িয়েছে। বুধবার এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম এই মাইলফলক স্পর্শ করার ঘোষণা দেয়। ব্লগ পোস্টে বলা হয়েছে, গত ছয় মাসে ইনস্টাগ্রামের ব্যবহারকারী ১০ কোটি বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ইনস্টাগ্রামে বড় ধরনের পরিবর্তন আনা ছাড়াও প্রতিদ্বন্দ্বী অনেক অ্যাপের মতো ফিচার যুক্ত করা হয়েছে। গত আগস্টে এতে স্ন্যাপচ্যাটের মতো ‘স্টোরিজ’ ফিচারটি যুক্ত করা হয়। এ ছাড়া ব্যক্তিগতভাবে ছবি ও ভিডিও শেয়ারের পর তা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা, লাইভ ভিডিও স্ট্রিমিংসহ নানা সুবিধা এতে যুক্ত হয়।
প্রতিদ্বন্দ্বী অন্যান্য অ্যাপের মতো ফিচার যুক্ত করা প্রসঙ্গে ইনস্টাগ্রামের পণ্যপ্রধান কেভিন উইল বলেন, ‘ভালো ধারণাগুলোকে ভালো বলতে হবে। এ ধরনের ফিচার ব্যবহারকারীদের জন্য দরকারি।’ তথ্যসূত্র: ভ্যারাইটি।
