ম্যাসেঞ্জারে চ্যাট সুবিধাকে আরও উন্নত করতে দ্রুতগতিসম্পন্ন ও সহজে ব্যবহারযোগ্য নতুন একটি ক্যামেরা যুক্ত করছে ফেসবুক। এই ক্যামেরায় থাকবে আর্ট ও স্পেশাল ইফেক্টস। শিগগির এই ক্যামেরা ফিচারটি সবার জন্য উন্মুক্ত করার হবে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, মানুষ এখন অনেক বেশি ভিজ্যুয়াল বার্তা পাঠাচ্ছে। ২৫০ কোটি ইমোজি, ছবি, স্টিকার, ও ভিডিও প্রতিদিন ম্যাসেঞ্জারে পাঠানো হচ্ছে। কি-বোর্ডের জায়গা করে নিচ্ছে ক্যামেরা। দৈনন্দিন জীবনে মানুষের ম্যাসেঞ্জার ব্যবহার বাড়তে থাকায় ছবি ও ভিডিও পাঠানোর বিষয়টি আরও সহজ ও দ্রুতগতিসম্পন্ন করা হচ্ছে। তাই নতুন ম্যাসেঞ্জার ক্যামেরা বসানো হচ্ছে।
নতুন ক্যামেরাটি আগের ক্যামেরার চেয়ে দ্রুত ছবি তুলতে ও শেয়ার করতে পারবে। কথোপকথনের মধ্যে থাকা অবস্থায় কিংবা অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের সেন্টারে শাটার বাটনটি দেখতে পাবেন। হালকাভাবে টাচ করলে ছবি উঠবে আর দীর্ঘক্ষণ ট্যাপ করে রাখলে ভিডিও ধারণ করা যাবে।
ফেসবুকের ব্লগ পোস্টে বলা হয়েছে, থ্রিডি মাস্ক ও স্পেশাল ইফেক্টের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যাতে ফুল স্ক্রিন ফটোতে শৈল্পিক ফিল্টার যুক্ত করা যাবে। অ্যাপটিতে হাজারো স্টিকার, ফ্রেম, মাস্ক ও ইফেক্টস আসছে। ব্যবহারকারী টেক্সট তৈরি করে তাতে আর্ট ও স্টিকার যুক্ত করতে পারবেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
