রাজধানী ঢাকায় স্মার্টফোনে ট্যাক্সিসেবা ‘উবার’ কে অবৈধ বলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি আজ শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে শুরুতেই বলা বড় অক্ষরের শিরোনামে বলা হয়েছে, ‘স্মার্টফোন ট্যাক্সিসেবা ‘উবার’ বেআইনিভাবে ট্যাক্সিক্যাব সার্ভিস প্রদান হতে বিরত থাকা সংক্রান্ত বিআরটিএ’র বিজ্ঞপ্তি’। বিজ্ঞপ্তিটি বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নুরুল ইসলামের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন দৈনিক পত্রিকায় ‘স্মার্টফোনে ট্যাক্সিসেবা ‘উবার’ চালু হলো ঢাকায়’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতি বিআরটিএর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিআরটিএ তথা সরকারের অনুমোদন ব্যতীত কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
বিআরটিএ বলছে, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০’ অনুয়ায়ী। কোনো কোম্পানি ট্যাক্সিক্যাব পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। ভাড়ায় চালিত বা রেন্ট এ কার হিসেবে পরিচালিত মোটরকার ও মাইক্রোবাস পৃথক সিরিজে রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া মোটরযান বিধিমালা অনুযায়ী প্রতিটি মোটরকার ও মাইক্রোবাসের পৃথক রঙ (কালো বড়ি ও হলুদ টপ) থাকা এবং মোটরযান অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় রুট পারমিট গ্রহণ বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য উবার মালিক ও চালকদের অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
