বার্তাবাংলা ডেস্ক::নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানের পাশে ক্ষুধার্ত অজগরের শিকারে পরিণত হয়েছে এক শিয়াল। এ সময় অন্য কয়েকটি শিয়াল চিৎকার শুরু করলে গ্রামবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। তারা ঘটনাস্থলে এসে দেখতে পান অজগরটি একটি শিয়ালকে গিলে খাচ্ছে। আর অন্য কয়েকটি শিয়াল তা দেখে চিৎকার করছে।
ধামইরহাট উপজেলা বনবিট অফিসার লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, রোববার রাত ১১ টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যানে এলাকার শালবনে অবমুক্ত করা ক্ষুধার্ত একটি অজগর বনের প্রান্তরে মোল্লা পাড়ার কাছে চলে আসে। এসময় অজগরটি একটি শিয়ালকে ধরে ফেলে। শিয়ালটি চিৎকার শুরু করলে অন্য শিয়াল তাকে রক্ষার জন্য এগিয়ে আসে এবং তারাও চিৎকার শুরু করে। শিয়ালের চিৎকারে গ্রামবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। তারা বিষয়টি জানার জন্য লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান একটি অজগর শিয়ালকে গিলে খাচ্ছে। লোকজন ঘটনাস্থলে পৌছলে অন্য শিয়ালগুলো পালিয়ে যায়।
