বার্তাবাংলা ডেস্ক:: কোথায় নেই গুগল? ইন্টারনেট দুনিয়ায় তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনকে প্রযুক্তির ছোঁয়ায় সহজ, নিরাপদ ও আনন্দময় করতে গুগল একের পর এক উদ্যোগ গ্রহণ করছে। গুগল গ্লাস, চালকবিহীন গাড়ির পর গুগল এবার মনোযোগ দিয়েছে বাসা বাড়ির নিরাপত্তার দিকে।
সম্প্রতি ড্রপক্যাম নামের একটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কিনতে গিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে গুগল। গুগল এখন বাসা বাড়ির নিরপাত্তায় ব্যবহৃত প্রযুক্তি পণ্য নির্মাণ করবে। এর প্রথমটিই হবে হোম সিকিউরিটি ক্যামেরা।
জানা গেছে, ওয়াই ফাই প্রযুক্তির এই ক্যামেরাটি বাসা বাড়ির দেয়ালে সহজেই লাগানো যাবে। বাড়ির মালিক ঘরে না থেকেও অ্যনড্রয়েড বা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাসায় কি ঘটছে তার ভিডিও সরাসরি দেখতে পারবেন নতুন এই ক্যামেরার সহায়তায়। এতে ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয়েছে স্ট্রিমিং প্রযুক্তি।
ক্যামেরাটি ধারণকৃত ভিডিও প্রথমে ক্লাউডে নিয়ে যায় ফলে ক্যামেরাটিতে না ঢুকেও রেকর্ড করা ভিডিও দেখা যায়। ওয়েব অ্যাপ্লিকেশন থাকায় দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় নতুন এই সিকিউরিটি ডিভাইসটিকে। ক্যমেরাটি কবে বাজারে ছাড়া হবে এমন কোনও তথ্য অবশ্য প্রকাশ করেনি গুগল।
তবে, মানসম্মত একটি ড্রপক্যামের দাম পড়বে ১৪৯ ডলার। ক্যামেরায় ধারণ করা ভিডিও চাইলে ওয়াই-ফাইয়ের মাধ্যমে হাতের মোবাইলফোন বা কম্পিউটারে পাঠিয়ে দেবে ক্যামেরাটি।
