গত বছর উবার ব্যবহারকারীদের ৫ কোটি ৭০ লাখ অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের উবার ব্যবহারকারীর নাম, মোবাইল ফোন নম্বর, ই–মেইল ঠিকানা রয়েছে। হ্যাকারদের হাতে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঠেকাতে এক লাখ মার্কিন ডলার অর্থ পরিশোধ করছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার উবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক ব্লগ পোস্টে উবারের প্রধান নির্বাহী দারা খোশরোশাহি বলেন, ‘হ্যাক হওয়ার ঘটনা জানার পর এর জন্য দায়ী দুজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এটা হওয়ার কোনো কারণ ছিল না। এ জন্য ক্ষমা চাইব না।’
২০১৬ সালে ঘটা হ্যাকিংয়ের ঘটনাটি সম্প্রতি তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন খোশরোশাহি। চলতি বছরের আগস্টে উবারের সহযোগী প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।
উবারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি হ্যাকিংয়ের ঘটনাটি আরেকটি বিতর্ক সৃষ্টি করবে।
উবার কর্তৃপক্ষ বলছে, উবারের যাত্রীদের হ্যাক হওয়ার ঘটনাটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারণ, সেখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। যেসব চালকের লাইসেন্স নম্বর চুরি হয়েছে, তাদের বিনা মূল্যে পরিচয় চুরি সুরক্ষা ও ক্রেডিট পর্যবেক্ষণ করার সুবিধা দেবে উবার।
উবারের পক্ষ থেকে বলা হয়, কোড নিরাপদে সংরক্ষণ করার সেবা গিটহাবে ঢোকার সুযোগ পায় দুই হ্যাকার। তারা আরেক ক্লাউস সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য উবারের এসব তথ্য চুরি করে রেখেছিল, তা ডাউনলোড করার সুযোগ পেত।
গিটহাব কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় তাদের কোনো ব্যর্থতা নেই।
খোশরোশাহি বলেন, ‘অতীতকে মুছে ফেলা যায় না। অতীত থেকে শিক্ষা নেব। আমরা ব্যবসাপদ্ধতি বদল করছি। সবকিছুতে স্বচ্ছতা থাকবে। গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জন করব।’
ঘটনা জানার পর প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান ও তাঁর সহকারী ক্রেইগ ক্লার্ককে সরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনা উবারের সাবেক নির্বাহী কর্মকর্তা কালানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তথ্যসূত্র: রয়টার্স।

