সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়েছে। আজ শনিবার বেলা তিনটার দিকে সাইট হ্যাক হওয়ার বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানে ভারতীয় হ্যাকাররা আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরে সাইটটি সচল করা হয়।
শুক্রবার বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা জবাবে একাটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারের পর ‘সাইবার ৭১’ নামে একটি ফেইসবুক পাতা থেকে ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করা হয়।
বিকেল ৪টা পর্যন্ত (http://www.ictd.gov.bd/) সাইটটি হ্যাক করে তাতে ইংরেজিতে লেখা ছিল, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলছে, বাংলাদেশের ও ভারতের কিছু হ্যাকার পাল্টাপাল্টি কিছু ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা করেছে। ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইটে হামলা করেছে।
