সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
গত রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনের সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। ফেসবুকের পক্ষ থেকে আছেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সাইবার অপরাধের তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়। নারী নির্যাতন এবং ধর্মীয় বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ফেসবুককে বিষয়টি পুলিশের নজরে দিতে বলা হয়েছে। তিনি বলেন, জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে।
