কোনো জবাবের আশা না করেই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের কাছে চিঠি লিখে একটা চাকরি চেয়েছিল সাত বছরের এক শিশু। তবে উৎসাহ ও প্রেরণা দিয়ে সুন্দর পিচাই নিজেই ওই চিঠির জবাব দিয়েছেন!
পিচাইয়ের কাছে চিঠি লেখা যুক্তরাজ্যের ওই শিশুটির নাম ক্লোই ব্রিজওয়াটার। সে হাতে লেখা চিঠিতে পিচাইকে ‘ডিয়ার গুগল বস’ সম্বোধন করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পত্রিকা বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিজওয়াটার সম্প্রতি গুগলে চাকরির বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। সে তার বাবার কাছে কাজের জন্য আদর্শ জায়গার বিষয়ে জানতে চায়। তার বাবা তাকে জানায়, গুগল হতে পারে আদর্শ। গুগল ‘কাজের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী ও ভুবনখ্যাত প্রণোদনা’র জন্য পরিচিত।
গুগলের প্রতি সাত বছরের বালিকা ব্রিজওয়াটারের আগ্রহ বাড়ার পর সে তার বাবাকে জানায়, সে কোনো এক সময় গুগলে কাজ করতে চায়। বাবা আগে থেকেই শুরু করতে বলে ও তাকে চাকরির আবেদন করতে বলে। এরপর মেয়েটি নিজের মতো করে ওই আবেদন করে। সুন্দর পিচাইকে দেওয়া চিঠিতে মেয়েটি লিখেছে, সে কম্পিউটার, রোবোট, ট্যাবলেট পছন্দ করে এবং স্কুলে সে ভালো ছাত্রী। গুগলে কাজের পাশাপাশি সে চকলেট কারখানায়ও কাজ করতে চায় ও অলিম্পিকে সাঁতরাতে চায়।
গুগলের সিইও সুন্দর পিচাই এর জবাবে লেখেন, তিনি আশা করেন সে (শিশুটি) তার স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করবে। সুন্দর পিচাই লেখেন, ‘চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে তুমি রোবট ও কম্পিউটার পছন্দ করো এবং আশা করি তুমি প্রযুক্তি বিষয়ে জানা অব্যাহত রাখবে।…তুমি ও তোমার পরিবারের জন্য শুভকামনা রইল।’
