ডাল রান্না করতে তো সবাই পারে। কিন্তু সেই ডাল দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে কয়জন? আজ দেখে নিন এমনই এক ডালের রেসিপি যা পছন্দ করবে সবাই।
উপকরণ
১. আধা কাপ অড়হরের ডাল
২. সিকি কাপ বুটের ডাল
৩. সিকি কাপ মুগ ডাল
৪. সিকি চা চামচ হিং
৫. সিকি চা চামচ হলুদ গুঁড়ো
৬. মরিচ গুঁড়ো ১ চা চামচ
৭. আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
৮. মাখন ৩ টেবিল চামচ
৯. জিরা ১ চা চামচ
১০. ১ ইঞ্চি পরিমান আদা, মিহি কুচি
১১. রসুন কুচি ১ টেবিল চামচ
১২. কাঁচামরিচ মিহি কুচি ২টি
১৩. বড় পেঁয়াজ মিহি কুচি ১টি
১৪. বড় টমেটো মিহি কুচি ১টি
১৫. লবণ স্বাদমতো
১৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
১৭. অর্ধেকটা লেবুর রস
প্রণালি
সব ডাল আলাদা আলাদা পাত্রে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন রান্নার আগে। একটি প্রেসার কুকার চুলায় আঁচে দিন। গরম হয়ে এলে এতে দিন পানি ঝরানো ডাল, হিং এবং হলুদ গুঁড়ো। এতে আড়াই কাপ পানি দিন। ঢেকে রান্না হতে দিন ৪-৫ বার শিষ দেওয়া পর্যন্ত। একটি নন-স্টিক প্যানে দেড় টেবিল চামচ মাখন গরম করে নিন। এতে জিরা দিন। জিরার সুবাস উঠলে আদা-রসুন দিয়ে কয়েক মিনিট সাঁতলে নিন। এরপর এতে দিন মরিচ ওপেঁয়াজ। পেঁয়াজ বাদামি হয়ে এলে টমেটো দিন। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করুন। টমেটো নরম হয়ে এলে এতে মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে সেদ্ধ ডাল দিয়ে নিন। ৪-৫ মিনিট রান্না হতে দিন। এরপর বাকি মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আঁচ বন্ধ করে দিন। লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
