যাত্রীদের জন্য গত বৃহস্পতিবার এক নতুন নীতিমালা প্রকাশ করেছে উবার। যেসব যাত্রী এ নীতিমালা মানবে না, তাদের নিষিদ্ধ করা হবে অ্যাপভিত্তিক এই ট্যাক্সিক্যাব সেবা থেকে। মূলত এ নীতিমালা যাত্রীদের আচার-আচরণসংক্রান্ত। এতে নিরাপত্তা, গাড়ি ভাঙচুর ও যৌনতা—এসব বিষয়ে জোর দেওয়া হয়েছে।
উবার প্রণীত নীতিমালাগুলো হচ্ছে
১. গাড়ির চালক বা অন্যদের সম্পদ নষ্ট: গাড়ির মধ্যে ফোন কিংবা অন্য কোনো কিছু ভাঙচুর করা যাবে না। আর ধূমপান কিংবা মদপান—কোনো কিছুই করা যাবে না গাড়ির মধ্যে। আর কোনো কারণে যাত্রী মাতাল হলে বা বমি করলে নিষিদ্ধ হতে পারে তাদের সেবা থেকে।
২. যাত্রীদের শারীরিক ঘনিষ্ঠতা নিষিদ্ধ: যাত্রীদের একে অন্যের শরীরে স্পর্শ বা কোনো ধরনের অশালীন আচরণ গ্রাহ্য করা হবে না। উবার গাড়িতে ‘কোনো যৌনতা নয়’, এই আইন মেনে চলে। এ ক্ষেত্রে উবার কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে থাকে।
৩. অশালীন ভাষায় কথাবার্তা নয়: কোনো ধরনের ব্যক্তিগত প্রশ্ন, হুমকি, আগ্রাসনমূলক ও যৌনতাবিষয়ক কথাবার্তা বলা যাবে না গাড়িচালকের সঙ্গে।
৪. যাত্রা শেষে ডাকা বা খুদে বার্তা গ্রাহ্য হবে না: যাত্রা শেষে গাড়িচালককে কোনো ধরনের কল, এসএমএস দেওয়া যাবে না।
৫. স্থানীয় আইন ভঙ্গ করা যাবে না: যাত্রার সময় গাড়ি জোরে চালাতে কিংবা স্থানীয় ট্রাফিক আইন ভাঙতে কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না গাড়িচালককে। এ ছাড়া শিশু নির্যাতন এবং মানব ও মাদক পাচারের কাজে এ পরিষেবাকে ব্যবহার করা যাবে না মোটেও।
সূত্র: এবিসি সেভেন
