চিংড়ি মাছ প্রায় সবাই খুব পছন্দ করে আর তাই এই চিংড়িকে নিয়ে রয়েছে নানান ধরণের রেসিপি। আর এমনই একটি রেসিপি হল দারুণ মজার চিংড়ি পোলাও রান্নার সহজ রেসিপি। ঝটপট তৈরি করে নিজে খান আর খেতে দিন প্রিয়জনদের। তাহলে জেনে নিন রেসিপিটি:
উপকরণ
১. চিংড়ি ৫০০ গ্রাম,
২. সরু চাল ৪০০ গ্রাম,
৩. তেল ৫০ মিলিগ্রাম,
৪. পেঁয়াজ স্লাইস করে কাটা ২ টি,
৫. লবঙ্গ ৪টি,
৬. দারচিনি ৩টি,
৭. এলাচ ৪টি,
৮. রসুন কুচি ১০ কোয়া,
৯. আদা কুচি,
১০. টমেটো কুচি ১ টা বড় মাপের,
১১. কাঁচা লঙ্কাকুচি ৩টি,
১২. হলুদ গুঁড়ো ১ চামচ,
১৩. নারকেলের দুধ ২০০ মিলিলিটার
১৪. লবণ পরিমান মত
১৫. চিনি পরিমান মত
প্রণালি
চিংড়ির মাথা ও খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এবার পাত্রে ৩ কাপ জল দিয়ে কুড়ি মিনিট চিংড়িগুলো সেদ্ধ করে নিন। চিংড়ির স্টককে আলাদা করে রাখুন৷ এবার সেদ্ধ করা চিংড়ি মাছে সামান্য নুন মিশিয়ে রেখে দিন। এবার কড়াইতে তেল দিন। পেঁয়াজ কুচি ও চিংড়ি গুলো দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন৷
এবার তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা, রসুন দিয়ে আরও ১ মিনিট নেড়ে নিন। টমেটোকুচি, কাঁচালঙ্কা, হলুদগুড়ো দিয়ে দিন। আরও ২ থেকে ৩ মিনিট ভালো করে কষিয়ে নিন। এবার চাল দিয়ে আরও ১ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিন। এবার চিংড়ির স্টক, নারিকেলের দুধ ও সামান্য চিনি দিন।
ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করতে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন। চিংড়ির পোলাও তৈরি। ইচ্ছে মতো গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন।
