ডিমের পিঠা খেতে কার না পছন্দ? বিকালের নাস্তায় পিঠা হলে তো কথাই নাই! গরম গরম পিঠা আর চা দিয়ে নাস্তা করার মজাই আলাদা। তাই আজ এই মজার ও ভিন্নধর্মী ডিমের পিঠা নিয়ে এসেছি। সহজে অল্প সময়ের মধ্যে ডিমের পান্তুয়া পিঠা বানানোর এই রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ :
- ফুটানো তরল দুধ: ১/২ লিটার (ফুটানোর পর ১/২লিটার হতে হবে)
- ময়দা: ২ কাপ
- চিনি: ১ কাপ
- বেকিং পাউডার: ১ চা চামচ
- লবণ: এক চিমটি
- ডিম: ২টি
- তেল: পরিমাণ মত (ডুবো তেলে ভাজার জন্য)
- এখানে পরিমাপক কাপ ও চামচ ব্যবহার করলে ভালো হবে
প্রণালি:
১। ফুটানো দুধ ঠাণ্ডা করে নিন। তারপর একটি পাত্রে ১/২ লিটার পরিমাণ দুধ নিয়ে নিন।
২। এখন ময়দা, চিনি, বেকিং পাউডার ও লবণ দুধের মধ্যে দিয়ে মিশ্রণটি ভালোভাবে কাঁটাচামচ বা হাত দিয়ে মিশিয়ে নিন। মিশ্রন পাতলা হলে অারেকটু ময়দা যোগ করতে পারেন।
৩। এবার ফ্রাইংপ্যানে অল্প-তেল দিয়ে ডিম দুইটিকে আলাদা আলাদা করে পোচ করে নিন।
৪। পিঠা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন।
৫। এখন একটি ডিম নিয়ে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিন। এবার মিশ্রণে ডুবানো ডিমটি গরম তেলে ছেড়ে দিন। এক পিঠ ভাজা হলে অন্য পিঠও ভাজুন। লাল করে ভাজতে হবে।
৬। এখন বাকী ডিমটি মিশ্রণে একইভাবে ডুবিয়ে নিন।
৭। আগের পিঠাটি আবার মিশ্রণে নিয়ে আসুন এবং নতুনটি তেলে দিয়ে দিন।
৮। এবার মিশ্রণে যে পিঠাটি ছিল তার দুপাশে মিশ্রণটি ভালোভাবে ভরিয়ে আবার তেলে দিন।
৯। এভাবে বারবার পিঠা দুটিকে মিশ্রণে ভরিয়ে ভাজতে থাকুন।
১০। মিশ্রণ শেষ না হওয়া পর্যন্ত এইরূপ করবেন।
১১। প্রতিটি পিঠা বেশ বড় বড় হবে। এবার পিঠা দুটিকে একটা বড় ডিশে নিয়ে ঠাণ্ডা হতে দিন। পিঠা ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন।
