স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭–এর বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ সম্প্রতি বিমানের মধ্যে নোট ৭ ফোনটি চালু করা কিংবা চার্জ দেওয়ার বিষয়ে যাত্রীদের সতর্ক করে দিয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্যামসাংয়ের এই ফোনটি লাগেজের ভেতর নেওয়ার বিষয়েও সতর্ক করেছে।
বিশ্বজুড়ে কয়েক জায়গায় স্যামসাংয়ের নতুন এই ফোনটির বিস্ফোরণের ঘটনায় ফোনটি ফেরত নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং কর্তৃপক্ষ।
কোয়ান্টাস ও ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও যাত্রীদের বিমানে এই ফোনটি চার্জ দেওয়া কিংবা ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
নিরাপত্তাজনিত এই উদ্বেগের কারণে স্যামসাং কর্তৃপক্ষ বলেছে, দ্রুত তারা ফোন বদল করে নতুন ফোন দিয়ে দেবে।
স্যামসাংয়ের ভাষ্য, ১৯ আগস্ট বাজারে ছাড়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ নোট ৭ বিক্রি হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ইউনিট ফোন তৈরি হয়েছে। শুরুতে ফোনটি গ্রাহক ও সমালোচকদের মন জয় করেছিল।
স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রাহক অভিযোগের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তদন্তের পর ফোনটির ব্যাটারি সেলে সমস্যা খুঁজে পাওয়া গেছে। ১ সেপ্টেম্বর থেকে বিশ্বব্যাপী এ রকম ৩৫টি ঘটনা ঘটেছে।
গ্যালাক্সি নোট ৭ ক্রেতাদের নতুন স্মার্টফোন পরিবর্তন করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এফএএর পক্ষ থেকে অবশ্য এর আগেও বিমানে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে সতর্ক করা হয়েছে। এর আগে এ বছরের শুরুতে এফএএ কার্গোতে লিথিয়াম আয়ন ব্যাটারি বহনের ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখার বিষয়টি সামনে আনে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসও তাদের ফ্লাইটে ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সব ফ্লাইটে গ্যালাক্সি নোট ৭ চালু করা বা চার্জ দেওয়া নিষিদ্ধ হবে।
এর আগে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার তিনটি বিমান সংস্থাও এ ঘোষণা দেয়। অবশ্য বিমানে গ্রাহকেরা এই ফোনটি নিতে পারবেন। কিন্তু চালু করতে বা চার্জ দিতে পারবেন না। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স।
