স্পেন থেকে যাত্রা করার দুদিন পর গতকাল বুধবার সৌরবিদ্যুৎ চালিত বিমান সোলার ইমপালস-২ সর্বশেষ যাত্রাবিরতিতে মিসরের কায়রোতে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শেষ করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেল বিমানটি।
সৌরবিমান সোলার ইমপালস-২ গত বছরের মার্চে যেখান থেকে এর দীর্ঘ দুঃসাহসিক যাত্রা শুরু করেছিল, সেই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেই এর বিশ্বভ্রমণ শেষ করবে। সোমবার সকালে স্পেনের সেভেইয়ে থেকে উড্ডয়নের পর বিমানটি আলজেরিয়া, তিউনিসিয়া, ইতালি ও গ্রিসের আকাশসীমা অতিক্রম করে এবং কায়রো বিমানবন্দরে অবতরণের আগে এটি গিজা পিরামিডের ওপর দিয়ে উড়ে যায়। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সৌরবিমানটির ফ্লাইটের আয়োজকেরা বলেন, সোলার ইমপালস-২ ঘণ্টায় গড়ে ৭৬ দশমিক ৭ কিলোমিটার গতিতে ৩ হাজার ৭৪৫ কিলোমিটার পাড়ি দিয়েছে। উল্লেখ্য, বিশ্বভ্রমণে ৩৫ হাজার ৪০০ কিলোমিটারের পথ পাড়ি দিতে দুজন পাইলট পালা করে এই সৌরবিমান চালাচ্ছেন।
