‘আলাপন’ নামে বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তাহলে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে তাদের দাপ্তরিক কাজগুলো করতে পারবেন বল তার আশা।
বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে সাংবাদিকদের জন্য বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই অ্যাপের কথা বলেন।
“ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এই অ্যাপ বাংলাদেশের সবাই ব্যবহার করতে পারবেন।”
দেশীয় একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ‘আলাপন’ নামে অ্যাপটির বেটা সংস্করণ তৈরি করেছে বলেও জানান পলক।
“আশা করছি অল্প দিনের মধ্যে এই অ্যাপটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারব। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপের মাধ্যমে ১৪ লাখ সরকারি কর্মকর্তা তাদের মধ্যকার ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্সসহ নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প পরিমাণ অর্থ খরচ করে ব্যবহার করতে পারবেন।”
তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর আওতায় সারা দেশে প্রায় দুই হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রশিক্ষণের উদ্বোধন করে বলেন, সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ তাদের প্রযুক্তিগত দিক থেকে দক্ষ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস)-এর সভাপতি শামীম আহসান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মনজুর কাদের চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
