বার্তাবাংলা ডেস্ক : : ছবি ব্যবহার করে নিজের জ্ঞানকা- তৈরি করবে কম্পিউটার নিজেই। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে এমনই এক কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। মানুষ যেভাবে শেখে ঠিক একই উপায়ে যাতে কম্পিউটারও শিখতে পারে সে উদ্দেশ্যেই এ গবেষণা।
গবেষকদের তৈরি এ কম্পিউটার প্রোগ্রামটির নাম ‘নেভার অ্যান্ডিং ইমেজ লার্নার’ বা নেইল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এবং গুগলের অর্থায়নের এ প্রোগ্রামের মাধ্যমে জুন মাস থেকে ৩০ লাখ ছবি বিশ্লেষণ করা হয়েছে। প্রায় পাঁচ লাখ ছবি বিশ্লেষণ করে তার মধ্যে ১ হাজার ৫০০ ছবিতে নির্দিষ্ট বস্তু শনাক্ত করার পাশাপাশি ১০ লাখ ছবির মধ্যে ১ হাজার ২০০ ছবিতে নির্দিষ্ট দৃশ্য খুঁজে বের করতে সক্ষম হয়েছে এ প্রোগ্রামটি। এখন পর্যন্ত এটি এয়ার বাস ৩৩০-এর সঙ্গে অ্যারোপ্লেনের মিল রয়েছে, অ্যান্টিলোপ ও হরিণের মিল রয়েছে, চাকা গাড়ির অংশ প্রভৃতি। নেইলের সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, একে আলাদা করে কোনো প্রশিক্ষণ দিতে হবে না। অর্থাৎ কোনো প্রশিক্ষণ ছাড়াই বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে কম্পিউটার। গবেষকরা বলেন, কম্পিউটার ভিশন প্রযুক্তি বা হার্ডওয়ার ও সফটওয়ারের মডেলের ওপর ভিত্তি করে কম্পিউটার বিভিন্ন বস্তু শনাক্ত করতে সক্ষম। তবে বস্তু শনাক্তকরণে নেইল তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করতে সক্ষম হবে। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবটিকস ইন্সটিটিউটের গবেষক অভিনব গুপ্তা জানিয়েছেন, বাস্তব জগতের কিছু সাধারণ জ্ঞান শেখার ক্ষেত্রে ছবি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে নেইল প্রোগ্রামও তা করতে পারবে। তবে শেখার ক্ষেত্রে কম্পিউটার যে ভুল করবে তা শোধরাতে মানুষের নির্দেশনা প্রয়োজন হবে। সূত্র : বিবিসি অনলাইন
