যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার বন্ধ হচ্ছে চলতি মাসেই। লন্ডন পরিবহন কর্তৃপক্ষ উবারের নিবন্ধন নবায়ন না করায় ৩০ সেপ্টেম্বরের পর এই সেবা বন্ধ হয়ে যাচ্ছে। চলতি নিবন্ধনের মেয়াদ রয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
দ্য টেলিগ্রাফের অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। লন্ডন পরিবহন কর্তৃপক্ষ আজ শুক্রবার উবার কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, নতুন করে এই সেবার নিবন্ধন নবায়ন করা হচ্ছে না।
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘লন্ডন পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে আমি পুরোপুরি সমর্থন করি। জনগণের নিরাপত্তা নিয়ে ন্যূনতম ঝুঁকি থাকলে উবারের নিবন্ধন নবায়ন করা হবে ভুল সিদ্ধান্ত।’
বিশ্বের ৬০০টির বেশি শহরে উবার চালু রয়েছে। যুক্তরাজ্যের ৪০টির বেশি শহরে এই সেবা চালু রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ঢাকায় যাত্রা শুরু করে উবার।

