দাম্পত্য জীবনে সুখ ও স্থায়িত্বের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বোঝাপড়া। সমবয়সী দম্পতি যেমন সুখী সংসার করতে পারেন, তেমনি ১০ থেকে ১৫ বছরের বয়সের ব্যবধান থাকা দম্পতিরাও দীর্ঘদিন ভালোভাবে সংসার করছেন। আবার বয়সের ব্যবধান কম হলেও সম্পর্কে দেখা দিতে পারে নানা জটিলতা।
বিশেষজ্ঞদের মতে, সফল দাম্পত্যের মূল ভিত্তি শুধু বয়সের ব্যবধান নয়। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া, মানসিক পরিপক্বতা ও খোলামেলা যোগাযোগই সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তবে বয়সের ব্যবধানের ওপর নির্ভর করে দাম্পত্য জীবনের কিছু বিষয়ে পার্থক্য তৈরি হতে পারে।

গবেষণায় যা পাওয়া গেছে:
১ থেকে ৩ বছরের ব্যবধান
২০১৭ সালের একটি অস্ট্রেলীয় গবেষণায় দেখা যায়, যেসব দম্পতির বয়সের ব্যবধান ১ থেকে ৩ বছর এবং পুরুষ সঙ্গী বয়সে বড়, তাদের সম্পর্কের সন্তুষ্টি তুলনামূলক বেশি ছিল। দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে বয়সের ব্যবধানের সঙ্গে সন্তুষ্টির পরিবর্তনের বিষয়টিও গবেষণায় উঠে আসে।
৫ থেকে ৭ বছরের ব্যবধান
স্বামী-স্ত্রীর মধ্যে ৫ থেকে ৭ বছরের বয়সের ব্যবধান থাকলে অনেক ক্ষেত্রে বয়স ও মানসিক পরিপক্বতার মধ্যে একটি ভারসাম্য তৈরি হতে পারে। ফলে মতবিরোধ বা পারিবারিক বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়া তুলনামূলক সহজ হতে পারে। তবে এই বয়সের ব্যবধানকে সুখী দাম্পত্যের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই।
১০ বছরের ব্যবধান
দশ বছরের বয়সের ব্যবধানও একটি সফল দাম্পত্যের পথে বাধা হতে পারে না, যদি দুজনের মূল্যবোধ, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল থাকে। তবে বয়সে বড় সঙ্গী যেন সম্পর্কে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা না করেন, সেদিকেও খেয়াল রাখা জরুরি।
২০ বছর বা তার বেশি ব্যবধান
বয়সের ব্যবধান ২০ বছর বা তার বেশি হলে জীবনযাপন, সামাজিক দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা সন্তান নেওয়ার সময় নিয়ে মতপার্থক্যের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। প্রজন্মগত পার্থক্যও কখনো কখনো সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও বোঝাপড়া থাকলে এমন বয়সের ব্যবধানের সম্পর্কও দীর্ঘস্থায়ী হতে পারে।
তবে কোনো একটি গবেষণার ফলাফলকে সব দম্পতির ক্ষেত্রে প্রযোজ্য চূড়ান্ত নিয়ম হিসেবে দেখা যায় না। কারণ দাম্পত্যের সাফল্যে ব্যক্তিত্ব, আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক পরিবেশ, মূল্যবোধ এবং পারস্পরিক যোগাযোগের মতো বিষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সন্তান নেওয়ার ক্ষেত্রে বয়স কেন গুরুত্বপূর্ণ?
বয়সের ব্যবধানের চেয়ে সন্তান নেওয়ার পরিকল্পনার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর নিজ নিজ বয়স বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে প্রজননক্ষমতা কমে আসে। পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে শুক্রাণুর গুণমান ও প্রজনন সক্ষমতায় কিছু পরিবর্তন দেখা দিতে পারে।
তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে শুধু স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নয়, দুজনের বয়স, স্বাস্থ্য, প্রজননসংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনাও বিবেচনায় রাখা প্রয়োজন।

