নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমে অন্তত ১০০ শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

ঘটনাটি ঘটেছে জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে, যেখানে গত বৃহস্পতিবার ধস নেমে খনির ভিতরে কাজ করা শত শত শ্রমিক চাপা পড়েন।
ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”
ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেছেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।
এ ব্যাপারে আরো তথ্য জানতে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সাথে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না।

