
আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। একইসঙ্গে দুই বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন ব্যাটার সাইফ হাসানও।
এছাড়া দীর্ঘ বিরতি দিয়ে সবশেষ দুই সিরিজে সুযোগ পাওয়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন দলে। বাকিদের সবাই নিয়মিত মুখ।
সোহানকে দলে ফেরানোর দাবি ছিল অনেক দিন ধরেই। সেই সাথে ওপেনিংয়ে ব্যাকাপ হিসেবেও ভালো করতে পারছিলেন না নাঈম শেখ। এশিয়া কাপের স্কোয়াডে সোহান বাড়াবেন মিডল অর্ডারের শক্তি। সেই সাথে সাইফ থাকবেন ওপেনিংয়ের ব্যাকাপ হিসেবে।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের স্কোয়াডটিই থাকবে এই সিরিজে। সবকটি ম্যাচ হবে সিলেটের মাটিতে।
নেদারল্যান্ড সিরিজের বাইরে এশিয়া কাপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। মূল দলে সুযোগ না হলেও যেখানে আছেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তানভীর ইসলাম।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসে পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ):
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

