ফের ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও বোমা হামলা হবে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় আন্তর্জাতিক সংস্থা পরমাণু সংস্থা আইএইএ যেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে করতে পারে সে ব্যাপারেও কথা বলেন ট্রাম্প।
তবে ইরান এরই মধ্যে একটি আইন পাস করেছে, যাতে বলা হয়েছে আইএইএ-এর সঙ্গে আর সহযোগিতা করা হবে না। অনেকের মতে, ইসরায়েলের হামলার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে।
আইএইএ প্রধান জানিয়েছেন, ১৩ জুন থেকে ইসরায়েল বোমা ফেলতে শুরু করার পর ইরানে কোনো পরিদর্শন হয়নি। এখন সেটাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।

