ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। লন্ডনগামী বিমানটিতে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। বিমানটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিধ্বস্ত হয়। খবর এনডিটিভি

প্রত্যক্ষদর্শীদের মতে, উড্ডয়নের কিছুক্ষণ পরই বিকট শব্দ শোনা যায় এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলে মুহূর্তেই পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ বিমানবন্দরে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার এলাকায় সমস্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে বিশাল এলাকা ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। কতজন যাত্রী প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
বিমান পরিবহন মন্ত্রক ও এয়ার ইন্ডিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
বিমান দুর্ঘটনার ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

