মানুষ সবসময় গুহায় বাস করেছে ৷ স্পেনের গুয়াডিক্স এলাকায় এখনও অনেক মানুষ গুহায় বাস করেন ৷ তবে এখন সেসব গুহাবাড়িতে পানি, বিদ্যুতের ব্যবস্থা আছে৷ এমন বাড়িতে জ্বালানি খরচও অনেক কম হয়ে থাকে ৷

এমন এক বাড়িতে বাস করেন মারি কারমেন৷ গুহার তাপমাত্রা সবসময় প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস থাকে, যা তার জন্য ঠিক আছে৷ তিনি তার জলবায়ুবান্ধব বাড়ি নিয়ে গর্বিত৷
সেন্ট্রাল হিটিং? কোনো দরকার নেই! শীতকালে সেখানে অনেক ঠাণ্ডা পড়লেও হিটিংয়ের প্রয়োজন হয় না৷ মারি কারমেন আর গুয়াডিক্সের সাড়ে চার হাজার গুহাবাসীর জন্য এটি একটি আশীর্বাদ৷
মারি কারমেন জানান, ‘‘কিছু মানুষ মনে করেন এটা একটা গর্ত৷ এমন গর্ত যেখানে আপনি হয়তো ভল্লুক খুঁজে পেতে পারেন৷ অতীতে গুহাগুলিতে কেবল সাদা রঙ করা হতো৷ সেই সময় কোনো পানি ছিল না, বিদ্যুৎ ছিল না৷ আজ আমাদের সবকিছু আছে, ঈশ্বরকে ধন্যবাদ৷”
৫০০ বছরেরও বেশি আগে মুররা প্রথম মাটির পাহাড় খনন করেছিল৷ আজ গুহাগুলি একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক সম্পদ আর একটি সুলভ আবাসন বিকল্প৷ হোর্হে হেরেরো নিজে একটি গুহা বাড়িতে বড় হয়েছেন৷ আজ তিনি সম্পূর্ণ নতুন গুহা খনন করেন এবং বিদ্যমান গুহাগুলিকে সম্প্রসারিত করেন৷
হোর্হে হেরেরো বলেন, ‘‘গুহাগুলি সস্তা এবং অনেক কম জ্বালানির প্রয়োজন হয়৷ শীতাতপ নিয়ন্ত্রণ বা হিটিং এর কোনো প্রয়োজন পড়ে না৷ গুহাগুলি প্রকৃতির অংশ এগুলি অনন্য৷’’
হোর্হের কাছে এর চেয়ে টেকসই আর কোনো বাড়ি নেই৷ দেয়াল আর ছাদ – সবকিছুই প্রকৃতি নিজেই সরবরাহ করে৷ আর তিনি যা ভাঙেন সেগুলো পুনরায় ব্যবহার করা যায়৷
হোর্হে বলেন, ‘‘আমরা শুধু মাটিতে গর্ত খুঁড়ি৷ সেজন্য ঘর তৈরির চেয়ে এটা সস্তা৷ আমাদের ছাদের প্রয়োজন নেই, পাহাড়ই ছাদ৷ আর আমরা যা কিছু খনন করি, আমাদের ক্ষেত্রে যেটা কাদামাটি, তা দিয়ে টাইলস বা ইট তৈরি করা হয়৷ এই গুহায় আমরা যে উপকরণটি খনন করেছি, তা দিয়েই তৈরি একটি টাইলসযুক্ত মেঝে থাকবে৷’’
ভূগর্ভস্থ বাড়িগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে৷ এবং এগুলি বিভিন্ন আকারে পাওয়া যায়৷ হুয়ান কালান্দ্রিয়া একজন স্থপতি৷ তিনি এবং আরেক গুহাবাসী রাফায়েল মেডিনা এই ধরনের পরিবেশবান্ধব ও সুলভ আবাসনের প্রচার বাড়াতে চান৷
কালান্দ্রিয়া বলেন, ‘‘ভবিষ্যতে গুহাগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এর সরাসরি প্রভাব আছে৷ এখানে কোনও কংক্রিট নেই, কোনো ইস্পাতের বিম নেই৷ অনেক জ্বালানি খরচ হয় এমন কোনও উপকরণ ব্যবহার করা হয় না৷”
খুব কম গুহাবাসীরই সম্পত্তির দলিল থাকে৷ আসলে সেখানে বসবাসের বিষয়টি অনেক সময় নিয়ন্ত্রণ করা হয় না৷ তবে আন্দালুসিয়ার কর্তৃপক্ষ এখন এতে পরিবর্তন আনতে চায়৷ সেটি হলে ইউরোপের অন্য দেশগুলোও তা শুরু করতে পারে৷
কালান্দ্রিয়া বলেন, ‘‘এই ব্যবস্থা অন্যান্য এলাকাও চালু করা যেতে পারে৷ ইউরোপেও এমন অনেক এলাকা আছে৷”
মারি কারমেন আর গুয়াডিক্সের গুহাবাসীরা সবার জন্য অনুকরণীয় টেকসই জীবনযাপন করছেন৷ প্রাচীন আবাসনের মতোই এটি ভবিষ্যতের জন্যও উপযুক্ত থাকবে৷- ডয়চে ভেলে

