সৌদি আরব সবশেষ ১৬ মাসে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে নির্বাসিত করেছে। সেইসাথে ভিক্ষা করার অভিযোগে আরও পাঁচ দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩৬৯ জনকে।

বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ তথ্য জানান। খবর, দ্য ডন।
মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে চলতি বছর ৫৫২ জন ফিরে এসেছেন পাকিস্তানে।
প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য চেয়েছেন, কিন্তু মন্ত্রী ২০২৪ সালের জানুয়ারী থেকে শুরু হওয়া সময়ের বিবরণ দিতে সক্ষম হন।
প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সিন্ধুরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।
বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।

