
যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট নতুন পোপ হিসেবে রোমান ক্যাথলিক গির্জার প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন পোপ হিসাবে রবার্টের নাম পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন। খবর রয়টার্স।
ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি, ঐতিহ্যবাহী লাতিন ভাষায় ‘হাবেমুস পাপাম’ (আমাদের পোপ পেয়েছি) উচ্চারণের মাধ্যমে নতুন পোপের নাম ঘোষণা করেন। সেই সময় সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
ভ্যাটিকানের স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া উঠলে ইঙ্গিত মেলে যে ১৩৩ জন কার্ডিনাল নির্বাচক নতুন পোপ নির্বাচন করেছেন।
প্রায় ৭০ মিনিট পর, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ লিও চতুর্দশ।
৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্টের জন্ম শিকাগোতে হলেও জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে একজন মিশনারি হিসেবে।
মাত্র ২০২৩ সালে তাকে কার্ডিনাল ঘোষণা করা হয়। তিনি প্রচারমাধ্যমে খুব কমই সাক্ষাৎকার দিয়েছেন এবং জনসম্মুখেও তেমন কথা বলেন না।
গত মাসে দীর্ঘ ১২ বছর পর মারা যান পোপ ফ্রান্সিস। তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ। তার আমলে ক্যাথলিক চার্চে আধুনিকতা ও খোলামেলা আলোচনার ধারার সূচনা হয়।
ফ্রান্সিস নারী ধর্মযাজকতা ও এলজিবিটি ক্যাথলিকদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কের সুযোগ দেন, যা ঐতিহ্যবাদীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল।

