মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। পরে অবশ্য আবার ফিরে আসে।
টুইটার বলছে, রিয়ালডোনাল্ডট্রাম্প অ্যাকাউন্ট বন্ধ (ডিঅ্যাকটিভ) করে দেন টুইটারের এক কর্মী। পরে অবশ্য জানা যায়, কর্মক্ষেত্রে ওই দিন ওই কর্মীর শেষদিন ছিল।
বিবিসির খবরে জানা যায়, ট্রাম্পের অ্যাকাউন্ট ১১ মিনিট বন্ধ ছিল। টুইটার এখন এ বিষয়ে তদন্ত করছে। টুইটারে সক্রিয় ট্রাম্পের অনুসারী চার কোটি ১৭ লাখ। তিনি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের পেজে যারা ঢুঁ মারেন তারা সেখানে ‘দুঃখিত পেজটির আর অস্তিত্ব নেই’ এমন বার্তা লেখা দেখতে পান।
পরে অবশ্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরে আসে। এরপরই ট্রাম্প রিপাবলিকান দলের কর কমানোর পরিকল্পনা নিয়ে প্রথম টুইট করেন।
ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে টুইটার জানিয়েছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, এ জন্য টুইটার পদক্ষেপ নিচ্ছে।
২০০৯ সালের মার্চ মাসে টুইটারে যোগ দেন ট্রাম্প। রাজনীতিতে নিজের নৈতিক অবস্থান ও বিরোধী দলের সমালোচনা নিয়ে বিভিন্ন সময়ে টুইট করেন ট্রাম্প।

