কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। শিক কাবাব, মাটন কাবাবের পাশাপাশি চিকেন টিক্কা কাবাব বেশ জনপ্রিয়। রুটি, পরোটা কিংবা নানরুটি যেকোন খাবারের সাথে মানিয়ে যায় এই খাবারটি। রেস্টুরেন্টের এই খাবারটি এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন। কীভাবে? জেনে নিন তাহলে রেসিপিটি।
উপকরণ:
১. মুরগির বুকের মাংস (কিউব করে কাটা) ৩০০ গ্রাম হাড়ছাড়া
২. ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
৩. মরিচ গুঁড়ো ১ চা চামচ
৪. গরম মশলা ১/২ চা চামচ
৫. লবণ পরিমাণ মতো
৬. আদা রসুনের পেস্ট ১ টেবিল চামচ
৭. টকদই ৪ টেবিল চামচ
৮. ১টি লেবুর রস
৯. তেল ২ টেবিল চামচ
১০. পেঁয়াজ কিউব করে কাটা ১টি
১১. ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি
১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩. এক চিমটি খাবারের রং
প্রণালি:
একটি পাত্রে মুরগির মাংস, টকদই, পেঁয়াজ, ক্যাপসিকাম, গরম মশলা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট এবং লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে অলিভ অয়েল, ধনেপাতা কুচি, খাবারের রং দিয়ে আরোও কিছুক্ষণ মাখুন। মুরগির মিশ্রণটি মেরিনেট করার জন্য ফ্রিজে ২-৩ ঘন্টা রেখে দিন। যতো বেশি সময় ফ্রিজে রাখতে পারবেন ততো ভাল। এবার শাসলিক কাঠি বা শিকে মেরিনেট করা মুরগির টুকরো, ক্যাপসিকামের টুকরো এবং পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিন। ওভেন ২৫০ ডিগ্রী সেলসিয়াসে প্রি-হিট করে নিন। কাবাবগুলো ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন। মাংস বাদামী রং হয়ে এলে বের করে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিকেন টিক্কা কাবাব।
আপনি চাইলে এটি গ্যাসের চুলায় করতে পারেন। গ্যাসের চুলায় একটি গ্রিল ফ্রাইংপ্যান নিয়ে এতে তেল ব্রাশ করে তাতে কাবাবের কাঠিগুলো ঘুরিয়ে ভাল করে ভেজে নিন।
