শুধু গুগল ডটকম ডটবিডি নয়, বাংলাদেশ থেকে আরও বেশি কিছু সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা একটি বড় ধরনের ধাক্কা। ভালো রকমের ‘অ্যাফেকটেড’ হয়েছে বেশ কিছু সাইট।
আজ মঙ্গলবার সকাল বাংলাদেশ থেকে অনেকেই গুগল ডটকম ডটবিডি সাইট ব্যবহার করতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন। কেউ কেউ ‘হ্যাক’ হওয়ার কথা বলছেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, কিছু সমস্যা তারা দেখতে পেয়েছে। এই সমস্যাটিকে কারিগরি ভাষায় বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত, ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়েছে। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছে না, তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে।
‘ডিএনএস ক্যাশ পয়জনিং’ হচ্ছে ডিএনএসে একধরনের আক্রমণ, যাতে ইন্টারনেট ট্রাফিক ভুয়া সাইটে চলে যায়।
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির জানান, শুধু ডটকম ডটবিডি নয়, ডটবাংলার ক্ষেত্রেও সমস্যা পাওয়া যাচ্ছে। আরও কিছু সাইটে সমস্যা থাকতে পারে। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত সমাধান হয়নি।
বিটিআরসির একটি সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো হবে। অবশ্য বিষয়টি নিয়ে বিটিআরসির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের ঘটনার পর তা ঠিক করা হলেও এর প্রভাব (ইমপ্যাক্ট) চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত থাকে।
