আমরা ঘর সাজানোর জন্য কতো কিছুই না করি। কতো ধরনের সাজানোর জিনিসপত্র, শো পিস দিয়ে সাজিয়ে থাকি মনের মতো করে নিজেদের ঘর। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ঘর সাজানোতে গাছকে কিভাবে ব্যবহার করা যায়? অনেক সৌখিন মানুষ আছেন যারা ঘরে রাখেন অনেক ধরনের গাছ। কিন্তু শুধু কি সাজানোর জন্যই ব্যবহার করা হয় এই গাছগুলোকে? যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা ঘরে কিছু স্বাস্থ্যকর গাছ রাখতে পারি তাহলে ঘরের দূষিত বাতাস থেকেও মুক্তি পেতে পারি আমরা। ঘরে কিছু স্বাস্থ্যকর গাছ রাখলে রাখলে তা ঘরের বাতাস থেকে ক্ষতিকর পদার্থ শুষে নিয়ে স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি করতে সাহায্য করে। এছাড়া এই সকল গাছ মস্তিষ্কে ও মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। চলুন তবে দেখে নেয়া যাক এমনই কিছু গাছের তালিকা।
বাটারফ্লাই পাম গাছ
আমাদের দেশে এটি খুবই জনপ্রিয় একটি ঘরোয়া গাছ। বাসার দরজা জানালা খোলা থাকলে আশেপাশের ক্ষতিকর দূষিত বাতাস ঘরে ঢুকলে এই গাছটি সেই বাতাস শোধন করতে সাহায্য করে।
ইংলিশ আইভি
বেশীক্ষণ কম্পিউটার বা অন্যান্য মেশিন ব্যবহার করলে আমাদের মাথা ব্যথা শুরু হয়। এর কারণ হচ্ছে কম্পিউটার বা অন্যান্য মেশিন থেকে কিছু উদ্বায়ী কেমিক্যাল বাতাসে মিশে যায় যা আমাদের নিঃশ্বাসের সাথে মস্তিষ্কে যায় এবং মাথাব্যথার সৃষ্টি করে। ইউনিভার্সিটি অব জর্জিয়ার একটি গবেষণা হতে দেখা যায় ইংলিশ আইভি নামক এই গাছটি বাতাস হতে ক্ষতিকর কেমিক্যাল শুষে নেয়। ফলে ঘরের ভেতরকার বাতাস থাকে স্বাভাবিক।
লেমন বাম
আমরা যখন মানসিক চাপে থাকি তখন এই লেমন বাম নামক গাছটি আমাদের সাহায্য করবে। ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, এই গাছে রয়েছে একপ্রকার সুগন্ধ যা মস্তিষ্কে এন্ডোরফিন নামক ভালোলাগার হরমোনের নিঃসরণ ঘটায়। এই হরমোন মানুষের মানসিক চাপ বা দুঃখ বদলে হাসিখুশী করে তুলতে সাহায্য করে।
মানি প্ল্যান্ট
ঘরের ফ্রিজ কিংবা অন্যান্য যন্ত্র যা থেকে সিএফসি গ্যাস নির্গত হয় এবং অফিসের ফটোকপি ও প্রিন্টার হতে যে ওজোন গ্যাস নির্গত হয় তা আমাদের বুকে ব্যথা এবং গলার খুসখুসে কাশির জন্য দায়ী। এমনকি এই সামান্য গ্যাসও বুকে ব্যথা ও গলা খুসখুস তৈরি করে। প্যান ষ্ট্রেটের গবেষকদের মতে, বাসাবাড়ি এবং অফিস রুমে মানি প্ল্যান্ট রাখলে এটি ক্ষতিকারক সিএফসি এবং ওজোন গ্যাস শুষে নিয়ে আমাদের রক্ষা করে।
পুদিনা
ইন্টারন্যাশনাল জার্নাল অফ নিউরোসায়েন্সের একটি গবেষণায় পাওয়া যায় পুদিনা গাছ মস্তিষ্ককে সচল রাখতে এবং স্মৃতি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এর সাথে ক্ষুধা নিয়ন্ত্রণ এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে ঘরের কোণে একটি টবে রাখা পুদিনা গাছ।
