বাজারে ফলের দোকান গুলোতে নানা রকম ফল প্রায় সারা বছরই পাওয়া যায়। এসব ফল কেটে কেটে অনেক ভাবেই আমরা খেয়ে থাকি। কিন্তু সাধারণ এই ফলগুলো একটু ঘুরিয়ে আরও অসাধারণ করে উপস্থিত করা যায়। দেশি ফলে বিদেশি স্টাইলের কিছু রেসিপি রয়েছে আজ।
সুইট অ্যান্ড সাওয়ার
উপকরণ: আনারস কিউব ২ কাপ, আপেল কিউব ২ কাপ, কলার কিউব ১টি, টমেটো কিউব ১ কাপ, ধনেপাতা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, দই (পানি ঝরানো) ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) ১ টেবিল চামচ।
প্রণালি: বড় বোলে দই, লেবুর রস, চিনি, লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ফেটিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কিউব করে কাটা সবগুলো ফলের উপরে এই মিশ্রণটি ঢেলে হালকাভাবে নেড়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ড হলে নামিয়ে টমেটো দিয়ে ফুল কেটে গার্নিস করে পরিবেশন করুন এই সালাদ।
পেয়ারা পালং
উপকরণ: পালং শাক সেদ্ধ ১ কাপ, পেয়ারা কিউব করে কাটা (মোটা সাদা অংশ) ১ কাপ, আপেল কিউব করে কাটা ১ কাপ, কলা কিউব করে কাটা ১টি, টক দই (পানি ছাঁকা) ১ কাপ, কমলার রস ১/২ কাপ।
প্রণালি: পালং শাক আধাসেদ্ধ করে পানি ছেঁকে নিন। কলা, পেয়ারা ও আপেল কিউব করে কাটুন। কমলা বা মাল্টা থেকে ১/২ কাপ জুস বের করে নিন। দই ফেটিয়ে নিন। এবার ফেটানো দইয়ের মাধ্যে ফল ও বাদবাকি শাক মিশিয়ে উপরে কমলার রস দিয়ে পরিবেশন করুন। এই সালাদে অতিরিক্ত কোনো মসলা না থাকায় খুব সহজেই ডায়াবেটিস রোগী কিংবা যে কেউ খেতে পারবেন।
মিক্সড ফলের ককটেল
উপকরণ: আপেল মাঝারি আকারের ২টি, সাগর কলা (মাঝারি আকারের) ২টি, পাকা পেয়ারা (বড় সাদা অংশ) ২টি, পাকা আনারস (ছোট চৌকা টুকরা) ১ কাপ, মাল্টা ২টি, লেবুর রস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ, বিট লবণ ১/২ চা চামচ, চিনি ১ চা চামচ, সালাদ ড্রেসিং ২ টেবিল চামচ।
প্রণালি: কলা, আপেল ও পেয়ারা ছোট টুকরা করে কেটে ১ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। আমড়া ও পেয়ারার বিচি খোসা বাদ দিয়ে রাখতে হবে। লবণ, বিট লবণ, চিনি, গোলমরিচ গুঁড়া, সালাদ ড্রেসিং ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সব ফলের টুকরা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ককটেল পরিবেশন করা যাবে।
ফলের চিজ
উপকরণ: চিজ, কিউব করে কাটা ১ কাপ। আনারস কিউব ২ কাপ। শসা কিউব ২ কাপ। একটি ক্যাপসিকামের অর্ধেক। মটরশুঁটি সেদ্ধ আধা কাপ। পিচ ফল কাটা আধা কাপের একটু কম। গাজর আধা কাপ। চাট মসলা ১ টেবিল-চামচ। অলিভ অয়েল ১ চা-চামচ। মধু ১ চা-চামচ। লবণ স্বাদমতো।
প্রণালি: সব ফল আর সবজি একসঙ্গে একটি বাটিতে নিয়ে তাতে তেল দিয়ে ভালো করে মাখান। এরপর চাট মশলা, লবণ আর মধু মেশান। যে পাত্রে পরিবেশন করবেন তাতে ঢেলে উপর দিয়ে চিজ কিউবগুলো দিয়ে দেবেন।
