বার্তাবাংলা ডেস্ক :: নিউইয়র্ক, ৩০ আগষ্ট- প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় সরগরম হয়ে উঠেছে উত্তর আমেরিকার তিনটি নগর। সেপ্টেম্বরের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের লেবার ডে। অন্যদিকে ২৯ আগস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে লম্বা সপ্তাহান্ত। এর পরই স্কুল কলেজ খুলবে। গ্রীষ্মকালীন অবকাশের শেষ সপ্তাহ নিয়ে আয়োজনের শেষ নেই দেশটিতে। সমুদ্রসৈকত থেকে শুরু করে অবকাশকেন্দ্রগুলো লোকে লোকারণ্য। প্রবাসী বাংলাদেশিরাও মেতে উঠেছে নানা অনুষ্ঠানমালায়। এসব অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে প্রবাসেও বাংলাদেশিদের বিভক্তির চালচিত্র প্রকাশ্য হয়ে উঠেছে।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য সামনে রেখে ২৭ বছর আগে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছিল। গঠিত হয়েছিল ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা)। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের অগুনতি সংগঠনকে নিয়ে ফোবানার আত্মপ্রকাশ ঘটেছিল। এখানে বাংলাদেশিদের সংখ্যা এখন আর হাজারে নেই। নানা রাজ্যে ছড়িয়ে থাকা প্রবাসীদের নানা নামের সংগঠনই এখন হাজারে গুনতে হয়। বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম কিংবা এলাকার নামে এখানে গড়ে উঠেছে প্রবাসীদের সংগঠন। সংগঠনপ্রিয় স্বদেশিদের অধিকাংশেরই আনন্দ বিনোদন এসব সংগঠনকে ঘিরে। প্রতিবছর বিভক্তির পর ফোবানা এখন ঠিক কতভাবে বিভক্ত, তার সঠিক হিসাবটিও কারও জানা নেই।
এর মধ্যেই এ সপ্তাহান্তে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের তিনটি নগরে বাংলাদেশিদের বিভক্তির সম্মেলন। ‘উত্তর আমেরিকা আলোকিত হোক-নতুন প্রজন্ম আলোকিত হোক-আলোকিত হোক বাংলাদেশ’ স্লোগান দিয়ে নিউইয়র্ক ফোবানার আয়োজন। আয়োজকদের দাবি অনুযায়ী ২৮তম এ সম্মেলনটিই আসল ফোবানা সম্মেলন। শনি ও রোববার দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজক সংগঠক বাংলাদেশ ফোরাম অব নর্থ আমেরিকা। লাগার্ডিয়া বিমান বন্দরসংলগ্ন ম্যারিয়েট হোটেলে সম্মেলনের অনুষ্ঠানমালা চলবে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত। আলোচনা, সেমিনার, সংগীতের আয়োজন এ সম্মেলনকে ঘিরে। দেশ থেকে শিল্পীরা এসেছেন, আলোচকরা যোগ দিচ্ছেন। সম্মেলনের ঠিক আগের সপ্তাহেই আবার নিউইয়র্ক ফোবানার এক সংগঠককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তহবিল সংক্রান্ত ঘাপলার অভিযোগে।
একতাই শক্তি—এ স্লোগানকে নিয়ে লস অ্যাঞ্জেলেস নগরে চলছে তিন দিনব্যাপী আরেকটি ফোবানা সম্মেলন। ২৯ আগস্ট, শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পশ্চিমের রাজ্যগুলোতে বসবাসরত বাংলাদেশিরাই যোগ দিচ্ছেন। অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় এ সম্মেলটি অনুষ্ঠিত হচ্ছে বুরবাক এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে। নগরের গভর্নর, স্থানীয় কংগ্রেসম্যানসহ বাংলাদেশ থেকে আসা শিল্পীদের উপস্থিতিতে সম্মেলন জমজমাট হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরেকটি ফোবানা নামে নয়। নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলন নামে প্রবাসীদের পৃথক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ফিলাডেলফিয়া নগরে। শনিবার থেকে শুরু হবে দুই দিনব্যাপী এই সম্মেলন। নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন নামের এ প্রবাসী সমাবেশে প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের সদস্য নিনা আহমেদ, টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ, স্থানীয় সিনেটর ও কংগ্রেসম্যান উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
